শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন




ইরানে এ পর্যন্ত ২০৬ শিক্ষার্থী ও শিক্ষক নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১২:৪৮ am
Iran Tehran ইরান তেহরান ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২০৬ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী আলীরেজা কাজেমি এ তথ্য জানিয়েছেন।

বুধবার যুদ্ধে নিহত সামরিক কমান্ডারদের জানাজার এক ফাঁকে কাজেমি এই তথ্য জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে ইরানের প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অধিকাংশ বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে এই হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগ ৭ থেকে ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থী।

ইতালির সিনেটে বুধবার মেলোনি বলেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের স্কুলে নারী শিশু শিক্ষার্থীদের ওপর এই হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, এই বিয়োগান্তক ঘটনার দায় দ্রুত নিরূপণ করা প্রয়োজন।

ইরানের লোরিস্তান প্রদেশে এ পর্যন্ত ৫২টি স্কুল এবং পাঁচটি চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রদেশটির গভর্নরের বরাতে ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

লোরিস্তান প্রদেশের গভর্নর জানান, লোরিস্তানের ১০টি প্রশাসনিক এলাকাজুড়ে চালানো এসব হামলায় ২ হাজার ৫০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৩টি ক্রীড়া কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের দুটি উদ্ধারকারী কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। সূত্র: আল-জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD