সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন




ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১০:১৭ am
iran-usa-ইরান-যুক্তরাষ্ট্র
file pic

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি আসন্ন। সোমবার শুরু হচ্ছে আলোচনা— পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণার পর এমন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে বলে আশাবাদ জানান।

এসময় তিন মধ্যস্থতাকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন বলেও জানান ট্রাম্প। বলেন, দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যেতে অনুরোধ করেছিল।

এদিকে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তেহরান যেতে প্রস্তুত মধ্যস্থতাকারীরা। সেখানে একটি পরোক্ষ আলোচনার কথা রয়েছে।

এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। কারণ সমঝোতার মৌলিক কাঠামো বা সীমারেখা নিয়ে ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে।

তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। এর আগে বহুবারই ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের দ্রুত অবসান হতে যাচ্ছে। কিন্তু প্রতিবারই পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হয়েছে।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তি কবে হবে, সে বিষয়ে তিনি কোনও সময়সীমা নির্ধারণ করতে চান না। তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। আমরা যখন চাই, তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত… আমি মানুষ হত্যা করতে চাই না।’

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD