যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ১০ ফুট উঁচু একটি ‘পার্টিসিপেশন ট্রফি’ স্থাপন করা হয়েছে। মূলত ইরান যুদ্ধে জড়ানো এবং তার নেওয়া সব সিদ্ধান্তকে ব্যঙ্গ করে এটি বানানো হয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এটি তৈরি করেছে। ব্যঙ্গাত্মক শিল্পকর্মটি ম্যানহাটনের ফোলি স্কয়ারে প্রদর্শন করা হচ্ছে। যা ২০২৪ সালের ‘হাশ মানি’ মামলায় ট্রাম্পের বিচার হওয়া আদালতের কাছেই অবস্থিত।
সোনালি রঙের ট্রফিটি প্রথম গত ১৩ জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রদর্শিত হয়। এর নিচে একটি ফলকে ট্রাম্পের ইরান যুদ্ধ-সংক্রান্ত ভূমিকা নিয়ে কটাক্ষ করা হয়েছে।
ফলকে লেখা হয়েছে, ইরান যুদ্ধে উৎসাহী অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে এই ‘পার্টিসিপেশন ট্রফি’ প্রদান করা হচ্ছে। অন্যরা যখন সামরিক কৌশল, কূটনীতি বা বাস্তব ফলাফল নিয়ে ব্যস্ত ছিলেন, তখন তিনি ফলাফল যাই হোক না কেন, অংশ নেওয়ার সাহস দেখিয়েছেন।
ট্রফিটির নিচে বিভিন্ন অলংকারের পাশাপাশি একটি ‘WWE’ চ্যাম্পিয়নশিপ বেল্টও রাখা হয়েছে।
শিল্পীগোষ্ঠীটি জানিয়েছে, ট্রফিটি পুরো সপ্তাহ প্রদর্শিত হবে। তারা আশা করছে, নিউইয়র্কবাসী এতে আরও বিভিন্ন প্রতীকী উপকরণ যোগ করবেন। তাদের ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়ার মতো কোনো অর্জনই খুব ছোট, খুব দূরের বা খুব অযোগ্য নয়।
(যুগান্তর)