জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা থেকে দেশের বিভিন্ন দূরপাল্লার রুটে বাসের ভাড়া বেড়েছে। উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণের টেকনাফ—দীর্ঘ এসব রুটে ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৪৬ থেকে ১১৩ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। এর মধ্যে ঢাকা-পঞ্চগড় পথে ভাড়া বেড়েছে সবচেয়ে বেশি ১১৩ টাকা। টেকনাফে বেড়েছে ১০০ টাকা, কক্সবাজারে ৮৫ টাকা এবং কুয়াকাটায় ৮৮ টাকা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন ভাড়ার তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ১৪টি রুটের দূরত্ব ও রুটভেদে ৪০ আসনের বাসে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫৫ থেকে ১ হাজার ৪৩৫ টাকা পর্যন্ত। অন্যদিকে ৫১ আসনের বাসে ভাড়া ২৭৮ থেকে ১ হাজার ১২৬ টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ২২ সেপ্টেম্বর দূরপাল্লার বাস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর গত ২৪ সেপ্টেম্বর নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে বিআরটিএ।
ঢাকা থেকে উত্তরের পথে সবচেয়ে দীর্ঘ গন্তব্য পঞ্চগড়। বিআরটিএর হিসাবে এ পথের দূরত্ব ৪৩৮ কিলোমিটার। নতুন তালিকা অনুযায়ী, ৪০ আসনের বাসে পঞ্চগড় যেতে ভাড়া ১ হাজার ৩৭৬ টাকা। আগে ছিল ১ হাজার ২৬৩ টাকা। অর্থাৎ বেড়েছে ১১৩ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ৮৬ টাকা।
দক্ষিণের দীর্ঘ রুটগুলোর মধ্যে সায়দাবাদ থেকে টেকনাফের দূরত্ব ৪৬২ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ৪৩৫ টাকা, আগে ছিল ১ হাজার ৩৩৫ টাকা। অর্থাৎ বেড়েছে ১০০ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ১২৬ টাকা।
সায়দাবাদ থেকে কক্সবাজারের দূরত্ব ৩৯৬ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ২৩৩ টাকা। আগে ছিল ১ হাজার ১৪৮ টাকা। বেড়েছে ৮৫ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৯৬৭ টাকা।
চট্টগ্রামের ২৪২ কিলোমিটার পথে ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৭৫৭ টাকা। আগে ছিল ৭০৪ টাকা। অর্থাৎ বেড়েছে ৫৩ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৫৯৩ টাকা।
ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৫৭ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৭৯৬ টাকা। আগে ছিল ৭৪০ টাকা। বেড়েছে ৫৬ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৬২৪ টাকা।
সায়দাবাদ থেকে সুনামগঞ্জের দূরত্ব ৩০৭ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৯৫১ টাকা। আগে ছিল ৮৮৪ টাকা। অর্থাৎ বেড়েছে ৬৭ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৭৪৬ টাকা।
উত্তর-পশ্চিমাঞ্চলের রুটেও বেড়েছে ভাড়া। গাবতলী থেকে রাজশাহীর দূরত্ব ২৪৭ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৭৯২ টাকা, আগে ছিল ৭৩৮ টাকা। বেড়েছে ৫৪ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৬২১ টাকা।
গাবতলী থেকে দিনাজপুরের দূরত্ব ৩৩০ কিলোমিটার। এ পথে ৪০ আসনের বাসে নতুন ভাড়া ১ হাজার ৪৬ টাকা। আগে ছিল ৯৭৮ টাকা। বেড়েছে ৬৮ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৮২০ টাকা।
গাবতলী থেকে বগুড়ার দূরত্ব ১৯১ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৬২০ টাকা। আগে ছিল ৫৭৯ টাকা। অর্থাৎ বেড়েছে ৪১ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৪৮৬ টাকা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা রুটে সায়দাবাদ থেকে দূরত্ব ২০৫ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৭৩৪ টাকা। আগে ছিল ৬৯০ টাকা। বেড়েছে ৪৪ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৫৭৬ টাকা।
বরিশালের দূরত্ব ১৭১ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৬২৯ টাকা। আগে ছিল ৫৯২ টাকা। অর্থাৎ বেড়েছে ৩৭ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৪৯৩ টাকা।
সায়দাবাদ থেকে পটুয়াখালীর দূরত্ব ২১০ কিলোমিটার। ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৭৭২ টাকা। আগে ছিল ৭২৬ টাকা। বেড়েছে ৪৬ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৬০৫ টাকা।
কুয়াকাটার ২৮০ কিলোমিটার পথে ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৯৯৬ টাকা। আগে ছিল ৯০৮ টাকা। অর্থাৎ বেড়েছে ৮৮ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ৭৮১ টাকা।
মহাখালী থেকে ময়মনসিংহের দূরত্ব ১১৬ কিলোমিটার। এ পথে ৪০ আসনের বাসে নতুন ভাড়া ৩৫৫ টাকা। আগে ছিল ৩৩০ টাকা। বেড়েছে ২৫ টাকা। ৫১ আসনের বাসে নতুন ভাড়া ২৭৮ টাকা।
নতুন ভাড়ার হার অনুযায়ী, দূরপাল্লার ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪০ পয়সা। সে হিসাবে পঞ্চগড় পর্যন্ত যমুনা সেতুর টোলসহ ৫১ আসনের বাসের ভাড়া হওয়ার কথা ১ হাজার ৮৬ টাকা। তবে দূরপাল্লার পথে অধিকাংশ পরিবহন ৫১ আসনের বদলে ৪০ আসনের বাস চালায়। যাত্রীদের বেশি জায়গা ও আরাম দেওয়ার জন্য আসন সংখ্যা কমানো হয়। ফলে বাদ দেওয়া আসনের ভাড়ার একটি অংশ অন্য যাত্রীদের ওপর ভাগ হয়ে পড়ে এবং ৪০ আসনের বাসে ভাড়া বেশি হয়।
এদিকে দূরপাল্লার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। পরিবহন কোম্পানিগুলো নিজেদের মতো করে ভাড়া ঠিক করে। ফলে একই দূরত্বে একেক কোম্পানির এসি বাসের ভাড়া আলাদা। বাসের মান, সেবার ধরন ও কোম্পানির সুনামের ওপর ভিত্তি করে এ ভাড়ার তারতম্য হয়।
পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-টেকনাফ রুটে ৫১ আসনের বাস খুব একটা চলে না। এসব পথে এসি, এসি স্লিপার ও ৪০ আসনের বাস বেশি। এসি বাসে আগে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হতো। জ্বালানি তেলের দাম বাড়ার পর এসব বাসের ভাড়া প্রায় ২০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ৪০ আসনের নন-এসি বাসেও ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।