বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে একুয়্যারিং ও ইস্যুয়িং প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে একুয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ হারে প্রণোদনা পাবে এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ০.২০ শতাংশ হারে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত সার্কুলার জারি করে।
দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে সম্পন্ন হওয়া ২ হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআরভিত্তিক লেনদেনে মাসিক ভিত্তিতে এ প্রণোদনা দেওয়া হবে।
এ সুবিধার আওতায় থাকবেন ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্য মার্চেন্টরাও। অর্থাৎ নতুন নির্দেশনায় প্রণোদনার পরিধি বাড়ানো হয়েছে।
এর আগে গত ১০ আগস্ট জারি করা সার্কুলার লেটারের মাধ্যমে বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার বিধান চালু করা হয়। তবে তখন সুবিধার আওতা ছিল নির্দিষ্ট কিছু ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টে সীমাবদ্ধ। নতুন সার্কুলারে আগের নির্দেশনার সংশ্লিষ্ট অনুচ্ছেদ প্রতিস্থাপন করে ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন করে প্রতিস্থাপিত অনুচ্ছেদে উল্লেখ করা শর্ত ছাড়া আগের সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খানের সই করা সার্কুলারটি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।