বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন




বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়ার বিল পরিশোধ নয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ am
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি কেন্দ্রীয় ব্যাংক
file pic

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নীতিমালায় মদ ও মদ বিক্রির প্রতিষ্ঠান, জুয়া ও বেটিং, নাইট ক্লাব, প্রাপ্তবয়স্ক বিনোদন, শূকরজাত পণ্য, সুদভিত্তিক আর্থিক সেবা ও প্রচলিত বীমাসহ শরিয়াহবিরোধী বিভিন্ন খাতে ইসলামিক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ নিষিদ্ধ করা হয়েছে। এসব লেনদেন ঠেকাতে কার্ড ইস্যুকারী ব্যাংকগুলোকে অনুমোদনের পর্যায়েই নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ‘গাইডলাইনস অন ইসলামিক ক্রেডিট কার্ড অপারেশনস অব ব্যাংকস’ শীর্ষক এ নীতিমালা জারি করে।

নীতিমালায় বলা হয়েছে, ইসলামিক ক্রেডিট কার্ডের সব পণ্য, চুক্তি, লেনদেন, ফি ও কার্যক্রম শরিয়াহর নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে হবে। কার্ডের আওতায় ঋণ বা বিলম্বিত পরিশোধের ব্যবস্থা ‘কর্জ হাসান’ বা সুদমুক্ত ঋণের ভিত্তিতে করতে হবে। গ্রাহকের বকেয়া, ঋণের মেয়াদ বা পরিশোধে বিলম্বের কারণে ব্যাংকের আয় বাড়ানো যাবে না। তবে সেবার বিপরীতে নির্দিষ্ট ‘উজরাহ’ বা সেবামূল্য আদায় করা যাবে।

বিল পরিশোধে বিলম্ব হলে প্রতি পরিশোধকালীন সময়ে একবার জরিমানা আরোপ করা যাবে। তবে জরিমানার অর্থ ব্যাংকের আয় হিসেবে দেখানো যাবে না। এ অর্থ আলাদা ‘চ্যারিটি অ্যাকাউন্টে’ জমা করে সম্পূর্ণ অর্থ দাতব্য কাজে ব্যয় করতে হবে।

গ্রাহক সুরক্ষায়ও বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন কার্ড সক্রিয় করার আগে ওয়ান-টাইম পাসওয়ার্ডের মাধ্যমে গ্রাহকের সম্মতি নিতে হবে। ই-কমার্স ও দেশীয় নন-এনএফসি লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সব ধরনের লেনদেনে তাৎক্ষণিক এসএমএস ও ই-মেইল সতর্কতা দিতে হবে।

কার্ড হারানো বা চুরির ঘটনা ব্যাংককে জানানোর পর সংঘটিত অননুমোদিত লেনদেনের অর্থ সাত কার্যদিবসের মধ্যে গ্রাহককে ফেরত দিতে হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানকারী যেকোনো তফসিলি ব্যাংক বাংলাদেশি টাকায় ইসলামিক ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। তবে বৈদেশিক মুদ্রা বা দ্বৈত মুদ্রার ইসলামিক ক্রেডিট কার্ড ইস্যু করতে হলে সংশ্লিষ্ট ব্যাংককে অনুমোদিত ডিলার (এডি) হতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD