সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন




এশিয়ার ৫ দেশের চেয়ে হজের খরচ বেশি বাংলাদেশে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ১০:৪৮ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj
file pic

বাংলাদেশ থেকে হজের খরচ পাশের বিভিন্ন দেশের তুলনায় বেশি। হজের জন্য বড় অঙ্কের ভর্তুকি দিয়ে থাকে মালয়েশিয়ার সরকার। এ কারণে অন্যান্য দেশের তুলনায় দেশটি থেকে হজের খরচ অনেক কম। মালয়েশিয়ার সরকারি দুটি প্যাকেজের একটি সোয়া দুই লাখ টাকা (জনপ্রতি), অন্যটি আড়াই লাখ টাকা। ইন্দোনেশিয়াও হজে ভর্তুকি দিয়ে থাকে।

দেশটি থেকে সরকারিভাবে হজে যেতে খরচ হবে সাড়ে তিন লাখ টাকা। এদিকে প্রায় সব দেশে এবার হজের খরচ বাড়লেও কমিয়েছে ভারত। দেশটি থেকে এবার হজে যেতে খরচ হবে জনপ্রতি চার লাখ টাকা। অথচ বাংলাদেশ থেকে এবার হজে যেতে লাগবে প্রায় সাত লাখ টাকা। সম্প্রতি বাংলাদেশসহ এশিয়ার ছয়টি দেশ থেকে হজযাত্রার খরচের তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা ও ডয়চে ভেলে।

করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নেওয়ায় আবারও সারা বিশ্ব থেকে মুসলিমরা ব্যাপকভাবে হজ করার সুযোগ পাচ্ছেন। এ বছর মোট ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। এরই মধ্যে বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং কুরবানি ছাড়া প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর হজের খরচ দেড় লাখ থেকে ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

মালয়েশিয়ায় হজের জন্য সরকার বড় অঙ্কের ভর্তুকি দিয়ে থাকে। সেখানে যেসব পরিবারের মাসিক আয় ৯৬ হাজার টাকার কম, সেসব পরিবারের সদস্যদের জন্য এ বছর সরকারিভাবে হজের খরচ ধরা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা। মাসিক আয় এর বেশি হলে দিতে হবে ২ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা। তবে দেশটিতে বেসরকারি হজ প্যাকেজগুলো বাংলাদেশি মুদ্রায় নয় লাখ টাকা থেকে শুরু হয়েছে।

বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর হজে যাওয়ার জন্য খরচ হবে ৩ হাজার ৩০০ ডলার বা ৩ লাখ ৪৭ হাজার ৩৪৭ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। বাকিটা সরকারি ‘হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি’ তহবিল থেকে ভর্তুকি দেওয়া হবে।

ভারতে হজের জন্য আবেদন গ্রহণ শুরু হলেও চূড়ান্ত খরচের হিসাব এখনো জানানো হয়নি। তবে ২০২১ সালে এই খরচ ছিল বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২৩ হাজার ৫৭১ টাকা। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর হজ প্যাকেজের খরচ ৫০ হাজার টাকা কমানো হবে। অর্থাৎ হজ কমিটি অব ইন্ডিয়ার মাধ্যমে যারা হজে যাবেন, তাদের খরচ হবে চার লাখ টাকার কম।

পাকিস্তানে গত বছরের তুলনায় হজের খরচ বেড়েছে ৩৬ দশমিক ৫৯ শতাংশ। দেশটিতে এ বছর হজযাত্রীদের খরচ ১১ লাখ ৭০ হাজার পাকিস্তানি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪৭ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।সিঙ্গাপুরে গত বছরের তুলনায় হজের খরচ বেড়েছে প্রায় দেড় হাজার ডলার। সেখানে সবচেয়ে কম প্যাকেজের জন্য দিতে হবে ৬ লাখ ৬০ হাজার ৯২০ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD