এসএসসি ও এইচএসসিসহ সমমানের পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে এইচএসসি ও সমমানে ফেল করা শিক্ষার্থীদের দুই মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। মানচিত্রদেখুন
তিনি বলেন, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যে কোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এরপর দুই মাসের মধ্যে ফেল করা শিক্ষার্থীদের জন্য ফের পরীক্ষার আয়োজন করা হবে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, এ নিয়ে আমরা বোর্ডে বৈঠক করেছি। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি।
সৈয়দ আক্তারুজ্জামান আরো বলেন, এইচএসসির ফল প্রকাশের ফেল করা ছাত্র-ছাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা নিতে প্রস্তুতি রয়েছে আমাদের।
এর আগে গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এসএসসি ও এইচএসসিতে অকৃতকার্য পরীক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।