শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন




পীরগঞ্জে সারের ডিলার নিয়োগে শিক্ষিকাসহ বিএনপির নেতা-কর্মীরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৮:০৭ pm
pirganj thana rangpur রংপুর পীরগঞ্জ থানা রংপুরের পীরগঞ্জ থানার
file pic

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিসিআইসি ও বিএডিসি সারের ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ, স্বজনপ্রীতি এবং অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে বরাদ্দকৃত ডিলারশিপগুলোর প্রায় সবগুলোই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতা, তাদের স্ত্রী, ভাই বা নিকটাত্মীয়দের নামে লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাও তালিকায় আছেন বলে জানা গেছে।

নিয়ম অনুযায়ী, বিসিআইসির ডিলার নিয়োগে সরকারি কর্মকর্তা, কর্মচারী নিজ নামে ডিলার বা এই ব্যবসার সাথে জড়িত থাকতে পারবেন না। কিন্তু, পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের বিসিআইসির ডিলার নিয়োগে মনোনীত হয়েছেন মেসার্স দিগন্ত ট্রেডার্স, প্রো. দৌলতুন্নাহার। তিনি সাদুল্যাপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী আহসান হাবীব, ঐ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, বর্তমান বিএনপির সমর্থক।

অনুসন্ধানে প্রাপ্ত তালিকা অনুযায়ী, ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক ডিলারশিপের চিত্র নিচে তুলে ধরা হলো-

১নং চৈত্রকোল: মেসার্স রাজিব ট্রেডার্স (প্রোপাইটর: মো. রাজিবুল হাসান, হাজীপুর)। তিনি চৈত্রকোল ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

২নং ভেন্ডাবাড়ী: মেসার্স তৌহিদুল ট্রেডার্স (প্রোপাইটর: মো. তৌহিদুল ইসলাম, মহেশপুর)। অভিযোগ রয়েছে, ভেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন তাঁর চাচাতো ভাই তৌহিদুলের নামে লাইসেন্সটি নিয়েছেন।

৩নং বড়দরগা: মেসার্স আজাদ ট্রেডার্স (প্রোপাইটর: মো. আবুল কালাম আজাদ, চাঁপাবাড়ী)। তিনি ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি।

৪নং কুমেদপুর: রনি ট্রেডার্স (প্রোপাইটর: মো. মোশাররফ হোসেন, চন্ডিপুর)। মোশাররফ হোসেন কুমেদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

৫নং মদনখালী: মেসার্স মন্ডল ট্রেডার্স (প্রোপাইটর: মো. মাজহারুল আনোয়ার, কোচারপাড়া)। তিনি জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের ভাতিজা।

৬নং টুকুরিয়া: মেসার্স ভাই ভাই ট্রেডার্স (প্রোপাইটর: মো. নুরুজ্জামান, গন্ধর্বপুর)। তিনি জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের আপন বোনজামাই।

৭নং বড়আলমপুর: মেসার্স ইলিয়াছ স্টোর (প্রোপাইটর: মো. বাদশা মিয়া, বাঁশপুকুরিয়া)। তিনি বিত্তশালী বিএনপি সমর্থক হিসেবে পরিচিত এবং তাঁর ক্ষেত্রে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।

৮নং রায়পুর: লুবাবা ট্রেডার্স (প্রোপাইটর: মোছা. ফাহিমা আখতার খানম, ধুলগাড়ী)। তিনি পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পলাশ চৌধুরীর স্ত্রী।

৯নং পীরগঞ্জ: মেসার্স বাচ্চু ট্রেডার্স (প্রোপাইটর: মোছা. শাহানা খানম মনজুয়ারা, ফতেপুর)। তিনি পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদলের স্ত্রী।

১০নং শানেরহাট: মেসার্স ছবি ট্রেডার্স (প্রোপাইটর: নুর মোহাম্মদ খান, মেষ্টা)। তিনি শানেরহাট ইউনিয়ন বিএনপির নেতা (অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন)।

১১নং পাঁচগাছি: মেসার্স আজমাইন ট্রেডার্স (প্রোপাইটর: মো. একরামুল হক, দশমৌজা সাহাপুর)। তিনি পাঁচগাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

১২নং মিঠিপুর: মেসার্স দিগন্ত ট্রেডার্স (প্রোপাইটর: মো. দৌলতন নাহার, একবারপুর দক্ষিণপাড়া)। তিনি মিঠিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রায়হান প্রভাষকের স্ত্রী।

১৩নং রামনাথপুর: মেসার্স রাফিদ ট্রেডার্স (প্রোপাইটর: মো. আনিছুর রহমান, বড় রাজারামপুর)। তিনি পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক।

১৪নং চতরা: মেসার্স মোনারুল ট্রেডার্স (প্রোপাইটর: নূর মোহাম্মদ মণ্ডল, চকভেকা)। পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন তাঁর আপন ভাইয়ের নামে এই লাইসেন্সটি নিয়েছেন বলে জানা গেছে।

১৫নং কাবিলপুর: মেসার্স জারিফ ট্রেডার্স (প্রোপাইটর: মোছা. রতনা আক্তার, জয়পুর)। তিনি কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদুর রহমানের স্ত্রী।

পীরগঞ্জ পৌরসভা: মেসার্স অলিন ট্রেডার্স (প্রোপাইটর: মোছা. লাকী বেগম, পীরগঞ্জ)। তিনি পীরগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি সাইফুল আজাদের স্ত্রী।

কৃষিপ্রধান এই অঞ্চলে সার বিতরণের মতো একটি স্পর্শকাতর বিষয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্বজনপ্রীতি ও দলীয় পরিচয়ে ডিলার নিয়োগ করায় স্থানীয় সাধারণ কৃষক ও প্রকৃত ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব বিতর্কিত নিয়োগ বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের হাতে সারের ডিলারশিপ দেওয়া প্রয়োজন।

এদিকে প্রতি লাইসেন্সে ২০ থেকে ৩০ টাকা লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD