রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ইতিমধ্যে তাদের কাছে টাকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
গত ৪ঠা এপ্রিল ভোরে দেশে কাপড়ের অন্যতম বড় পাইকারি মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ডিএসসিসির মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি ইউনিট- বঙ্গবাজার ইউনিট, গুলিস্তান ইউনিট, মহানগরী ইউনিট ও আদর্শ ইউনিট ভস্মীভূত হয়ে যায়।
বঙ্গবাজারের পূর্ব পাশে মহানগর শপিং কমপ্লেক্সের বেশির ভাগ দোকান ভস্মীভূত হয় এবং বাকিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পাশের সাততলা এনেক্সকো টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় সব মিলিয়ে ৩ হাজার ৮৪৫টি দোকান পুড়ে ৩০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি।