বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন




ওমানে নারী এমপির আটকের বিষয়ে জানেন না পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৭:৩৯ pm
MoFA পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen
file pic

বাংলাদেশের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির ওমানে আটক বিষয়ে কোনও খবর জানা নেই পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের।

বুধবার (২ আগস্ট) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনও কিছু জানি না। আমরা জানি না যে এ রকম কোনও সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন। কোনও ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে। সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি এ মুহূর্তে এবং এই তথ্য আপনার কাছে শুনলাম।’

উল্লেখ্য, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে ওমানে আটকের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক পোস্টে বলা হয় মঙ্গলবার রাতে ওমান পুলিশ তাকে আটক করেছে।

মানবজমিনের খবরে বলা হয়, ওমানে রাজনৈতিক মিটিং করতে গিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সফরসঙ্গীসহ আটক হয়েছেন সংরক্ষিত মহিলা আসন (চট্টগ্রাম)-এর এমপি খাদিজাতুল আনোয়ার সনি। মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন তিনি। থ্রিস্টার মানের ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

ঢাকা ও মাস্কাটের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন ঘটনাটি শুনেছেন বলে জানালেও তিনি বিস্তারিত অবহিত নন বলে দাবি করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ওমানে পুলিশি বাধায় মহিলা এমপির মিটিং ভণ্ডুল হওয়ার তথ্য পেয়েছেন বলে স্বীকার করেন। তার দাবি অনুমতি না নিয়ে এমপি বৈঠকে বসেছিলেন, পুলিশ এসে সেটি বন্ধ করে দেয়। আটক বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে দাবি করেন।

উল্লেখ্য, খাদিজাতুল আনোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। ২০ ফেব্রুয়ারি ২০১৯ তিনি শপথ নিয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের মেয়ে। [মানবজমিন]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD