সভ্যতার এই উৎকর্ষতার যুগে এসেও কিছু মানুষ নৃশংস পশুর চেয়েও নিচে নেমে গেছে। ভারতের রাজস্থানে এমনই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সেখানে উপজাতি সম্প্রদায়ের এক গৃহবধুকে (২১) তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুরো নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়েছে। এ সময় ওই নারী আর্তনাদ করলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে যায়নি। নগ্ন করার সেই দৃশ্য সম্বলিত ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। ফলে সারা ভারতে এ নিয়ে তুমুল সমালোচনা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ বলেছে, ওইদিন রাজস্থানের প্রতাপগড় জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় স্পর্শ করা ভিডিওতে দেখা যায়, একজন পুরুষ ওই নারীর সব পোশাক কেড়ে নিচ্ছে। সে তার স্বামী। সম্ভ্রম বাঁচাতে ব্যর্থ চেষ্টা করে ওই নারী পরাজিত হন। এ অবস্থায় তাকে ঘোরানো হয় বিভিন্ন স্থানে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
পুলিশের মতে, অন্য একজন পুরুষের সঙ্গে ওই নারীর সম্পর্ক আছে বলে অভিযোগ করা হয়েছে। এ জন্যই নাকি তার ওপর ওই হামলা। তবে এ অভিযোগের সত্যতা এখন পর্যন্ত অনুসন্ধানে জানা যায়নি।
পুলিশ বলেছে, এ ঘটনায় তারা তিনজনকে আটক করেছে। আরও কয়েকজনকে কয়েক ঘন্টার মধ্যে আটক করার কথা। রাজস্থানের ডিরেক্টর জেনারেল অব পুলিশ উমেশ মিশ্র বলেন, বিবাহিত হওয়া সত্ত্বেও ওই নারী অন্য একজন পুরুষের সঙ্গে অবস্থান করছিলেন বলে অভিযোগ আছে। এ অবস্থায় তার শ্বশুরবাড়ির লোকজন তাকে তুলে নিয়ে যায় তাদের বাড়িতে। সেখানে নিয়ে তাকে প্রহার করা হয়। নগ্ন করে হাঁটানো হয়।
প্রতাপগড়ের এসপি ওই গ্রামে অবস্থান করছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে গঠন করা হয়েছে ৬টি টিম। শেষ রাতের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একজন নারীর বিরোধের খবর প্রকাশ পেয়েছে। এতে ওই নারীকে নগ্ন করে প্যারেড করানো হয়েছে। এমন একটি ভিডিও হাতে এসেছে। ঘটনাস্থলে এডিজি ক্রাইমকে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে এ বিষয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে। সভ্য নাগরিক সমাজে এমন অপরাধীদের কোনো স্থান নেই। যত দ্রুত সম্ভব এসব অপরাধীর বিচার হতে হবে।
মুখ্যমন্ত্রী ও রাজ্যে অন্য কংগ্রেস দলীয় মন্ত্রীদের আক্রমণ করে বিজেপির প্রধান জেপি নাড্ডা বলেছেন, ক্ষমতাসীন দল রাজ্যে তাদের কোন্দল মেটাতেই ব্যস্ত। সেখানে অশোক গেহলট এবং সাবেক ডেপুটি শচিন পাইলটের মধ্যে চলছে ক্ষমতা নিয়ে টানাটানি।