মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন




গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৩:০৫ pm
Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি bgb bgb
file pic

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি জোরদার করেছে বাহিনীটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিজিবি জানায়, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আশুলিয়া, মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও সংবেদনশীল এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের শরীরে থাকা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে তাদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ দেখা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিক মূল্যায়ন, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমন্বিত কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD