শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন




এইচএসসির ফলাফলে ছেলেরা কেন পিছিয়ে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ১:০১ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm
file pic

এবছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় তিন দশমিক ৮১ শতাংশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এসএসসি ও এইচএসসিতে ছেলেরা কেন মেয়েদের তুলনায় পিছিয়ে যাচ্ছে, সেটার কারণ খুঁজে বের করতে হবে।’

রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ বছরের এইচএসসির ফলাফল হস্তান্তরের পর শেখ হাসিনা তার বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘দেখা যাচ্ছে যে এ বছর ছাত্রীদের পাসের হার একটু বেশি। এটার জন্য ধন্যবাদ। কারণ সবসময় আমাদের শুনতে হয় জেন্ডার ইকুয়ালিটির কথা। এখন তো উল্টো হচ্ছে। ছেলেরা কেন পিছিয়ে থাকলো, সেটা খুঁজে বের করতে হবে। প্রতি বছরই দেখছি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে। একসময় তো মেয়েদের পড়াশোনাই করতে দিত না। অনেক দেশে এখনো মেয়েদের পড়াশোনা করতে দেয় না।’

মেয়েরা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছেলেদের বলছি তোমরা পিছিয়ে থেক না। তোমরা পড়াশোনা করে সমান তালে চলো, সেটাই আমরা চাই। জিপিএতেও মেয়েরা এগিয়ে। যা হোক আমি ছেলে-মেয়ে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।’

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে ফলাফল প্রকাশের উদ্বোধন করে বলেন, ‘এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট খুঁজতে হয় না। আজ মোবাইলফোনে ডিজিটাল পদ্ধতিতে ফল দেখা যায়। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের প্রতিও সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩,৫৯,৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৬,৮৮,৮৮৭ জন ছেলে এবং ৬,৭০,৪৫৫ জন মেয়ে।

প্রার্থীরা অনলাইনে বা ১৬২২২ নম্বরে এসএমএস করে তাদের ফলাফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমে সাধারণ বোর্ডের অধীনে ফলাফল পেতে প্রথমে এইচএসসি, পরে প্রার্থীদের বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপরে প্রার্থীর রোল নম্বর এবং বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণস্বরূপ, একজন প্রার্থী যিনি ঢাকা বোর্ডের অধীনে ‘১০,০০,০০০’ রোল নম্বর সহ এই বছরের পরীক্ষায় বসেছিলেন তাকে পাঠাতে হবে: এইচএসসি (স্পেস) ডিএইচএ (স্পেস) ১০,০০,০০০ (স্পেস) ২০২৩ এবং এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একইভাবে, আলিম ফলাফল পেতে, শিক্ষার্থীদের এএলআইএম [স্পেস] এমএডি [স্পেস] রোল নম্বর [স্পেস] ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে টেক্সট মেসেজ পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ফলাফলের জন্য, শিক্ষার্থীদের এইচএসসি [স্পেস] টিইসি [স্পেস] রোল নম্বর [স্পেস] ২০২৩ টাইপ করতে হবে এবং ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বিকল্পভাবে, প্রার্থীরা তাদের ফলাফল http://www.educationboardresults.gov.bd. থেকেও পেতে পারেন।

শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পৃথক ফলাফল শীট ডাউনলোড করতে পারেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও তাদের ফলাফল https://dhakaeducationboard.gov.bd/ থেকে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে ডাউনলোড করতে পারবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD