আপনি ইঞ্জিন বন্ধ গাড়িতে বসে আছেন, তারপরও গাড়ি চলছে। আর চলাটা স্বাভাবিক নয়, উল্টোভাবে! শুধু চলছে বললে ভুল হবে, ধীরে ধীরে গাড়ির গতি বাড়ছে, এখন আপনার কাজ শুধু স্টিয়ারিং ধরে গাড়ির দিকটি ঠিক রাখা। বিষয়টি অলৌকিক মনে হলেও এমনি ঘটনা ঘটে মদিনার রহস্যময় জীনের পাহাড়ের পথে। মদিনার রহস্যময় পাহাড়। মানুষের কাছে এটা জিনের পাহাড় নামে খ্যাত।
ইউটিউবে যখন সৌদি আরবের জিন পাহাড়ের সংবাদ ও ভিডিও দেখতাম তখন থেকেই স্বচক্ষে দেখার প্রচণ্ড আগ্রহ জাগত। ইস যদি যেতে পারতাম। এই ইস শব্দটাই কার্যকর হলো। ওমরাহ হজে যাওয়ার সুযোগ এলো। এবাদতের পাশাপাশি প্রতিদিনই মক্কা আর মদিনার আশপাশ ঘুরে বেড়া হয়েছে। এর পর এলো সেই মাহেন্দ্রক্ষণ।
আরবরা অবশ্য এই পাহাড়কে জিনের পাহাড় বলেন না। তাদের কাছে এই পাহাড়ের নাম ওয়াদি আল আবইয়াজ বা ওয়াদি আল বায়জা।
ওয়াদি বলা হয় পানি জমা হওয়ার ছোট ছোট খালকে। মদিনার এই পাহাড়ের কাছ দিয়ে একটি ছোট খাল বয়ে গেছে। যদিও এখন শুকনো, পানিশূন্য। তবে বৃষ্টির সময় জমা হওয়া পানি নাকি বেশ মিষ্টি।
ওয়াদি আল জিন কিংবা জিনের পাহাড়! যে নামেই পরিচিত হোক না কেন জায়গাটিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জিনের পাহাড়। এই পাহাড় নিয়ে অনেক কিছু শোনা গেলেও কোরআন হাদিসে এ সম্পর্কে কিছু বলা নেই।
রহস্যঘেরা এ পাহাড় সম্পর্কে মানুষের কেন আগ্রহ সে তথ্য অনুসন্ধানে যাত্রা জিনের পাহাড় নামক স্থানে। বিস্ময়কর এই পাহাড় সম্পর্কে বলা হয় কোনো এক অদৃশ্য শক্তি সবকিছুকেই উপরের দিকে টানে। যাত্রাপথে চোখে পড়ে বিশাল বিশাল পাহাড়। আর তাতেই গা ঘেসে যেতে হয় জিনের পাহাড়ে।
কথিত ওয়াদি আল জিনের অবস্থান মদিনা শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মদিনা থেকে বের হয়ে কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এলাকাটিতে। খেজুর বাগানের পর পাহাড়ি পথ। এই এলাকার পাহাড়গুলোও ব্যতিক্রম। ন্যাড়া পাহাড়, পাহাড়ের ওপর ধারালো সূচের ন্যায় ফলা ফলা মাটি দাঁড়িয়ে আছে। দেখলে মনে হবে, এই তো ভেঙে পড়বে; কিন্তু না। এমন পাহাড় মক্কা, মদিনা কিংবা তায়েফের অন্য কোনো এলাকায় দেখা যায় না। এমন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে পিচঢালা সড়ক। আর সেই সড়কেই লুকিয়ে আছে এমন অপার বিস্ময়।
একদিন জোহর নামাজ পড়েই মাইক্রোতে চড়ে ছুটলাম সেই কাঙ্ক্ষিত জিন পাহাড় ভ্রমণে। গাড়ি চালক এক পাকিস্তানি। গাড়ি চলছে ঐতিহাসিক ওহুদ পাহাড়ের পাশ ঘেঁষে। পুরো মদিনা শহরটি ঘিরে রেখেছে এ ওহুদ পাহাড়।
শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে জিন পাহাড়ের অবস্থান। মদিনার উত্তর-পশ্চিমে ওয়াদি-ই-আল বায়দা নামক পাহাড়ঘেরা এক উপত্যকা রয়েছে। যাকে আমার মতো সাধারণ পর্যটকরা জিনের পাহাড় হিসেবেই জানি এবং চিনি।
মূলত এর নাম ওয়াদি আল জিন। কাছাকাছি যেতেই চোখে পড়লো নানা আকৃতির বৃক্ষহীন ন্যাড়া পাহাড়। এর চূড়াগুলোও অদ্ভুত আকৃতির। চালক পাকিস্তানি হওয়ায় ভাঙা ভাঙা উর্দুতে বেশ ভালোই আলাপ চললো।
ফলে আমি যা জানতে চাই সে ভালোভাবেই বলতে পারে। কারণ সে মদিনায় এক যুগ হলো বসবাস করে। আলাপচারিতার কল্যাণে জানা হয় চালকের বাড়িঘরের ঠিকানা। চালক নিম্নে ৮০ থেকে ১২০ কিমি স্পিডে ছুটে চলছে। চোখে মুখে ঝিলিক আনন্দে বয়ে যাচ্ছে। ইচ্ছামতো ঘুরতে পারায় রুমে এসে বেশ স্বস্তি হলো।
গাড়ি চলছে আর নানা ঐতিহাসিক জায়গার বর্ণনা দিচ্ছেন। মাঝে মধ্যে নিজ থেকেই ব্রেক করে নামার সুযোগ করে দিচ্ছেন। মনে হলো আসলেই ওয়াদি-আল বায়দা মানে জিনের পাহাড়ে যাচ্ছি। কাছাকাছি যেতেই শিওর হলাম।
পথের মাঝ বরাবর বিশাল গেট। ফটকটি খোলা থাকায় চালক আনন্দ মনে জানালো আপনাদের ভাগ্য ভালো। কারণ জানতেই বললেন, এখানে বেশ বড় এক দুর্ঘটনার পর থেকেই গেট লাগানো হয়েছে। ভাগ্য বেশ সুপ্রসন্নই বলতে হয়। গাড়ি থামলো।
নামার পর খেয়াল করলাম পিচ করা সড়কটি ঢালু। চালক নিজ থেকেই পানি ভরা একটি বোতল আমার হাতে দিয়ে বললেন, এখানে বোতলটি রাখেন। কথা অনুযায়ী রাখলাম। আশ্চর্য বোতল ঢালুর বিপরীতে গড়িয়ে যেতে লাগলো।
পানি ঢাললাম, তাও বিপরীতেই গেল। সে এক বিস্ময়কর ব্যাপার। গাড়ি নিউট্রালে রাখার পরও ঢালুর উল্টা দিকেই চললো। সেই মুহূর্তে আমার মনের ভেতর যে আনন্দের ঢেউ খেললো তা এখানে লিখে প্রকাশ করতে পারবো না।
যেখানে ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলতে শুরু করে ঢালুর বিপরীতে। আর গাড়ির গতিও কিন্তু কম নয়, রীতিমতো ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে থাকে। শুধু গাড়ি চলা নয়, পানির বোতল কিংবা পানি ফেললে, জুতা রেখে দিলে তাও ঢালুর বিপরীত দিকে গড়াতে থাকে। এটা কোনো গল্প নয়, বাস্তবের ঘটনা।
অবশ্য ওয়াদি আল জিন এলাকায় প্রবেশের সময় গাড়িকে কিছুটা বেগ পেতে হয়। পরে নামার সময় শুধু স্টিয়ারিং ধরে থাকা। ওয়াদি আল জিন এলাকার রাস্তা খুব উঁচু নয়, তার পরও শো শো আওয়াজে কান আপনি থেকে বন্ধ হয়ে যায়, পাহাড়ের ঢালে নেমে দাঁড়ালে মনে হয়, কেউ যেন পেছন থেকে ঠেলছে; এমন দুলুনি ভাব হয়।
এমনিতেই সৃষ্টির অপার রহস্যময় বিষয় পাহাড়-পর্বত। কেউ কেউ ধারণা করেন, জায়গাটিতে প্রচুর চুম্বকজাতীয় পদার্থ আছে তাই এমনটি হয়। কিন্তু প্রশ্ন হলো- পানি, পানির বোতল বা জুতায় চুম্বক কীভাবে আকর্ষণ করে? অনেকেই আবার বলেন, এটা জিনদের কারসাজি!
স্থানীয়দের কাছে এসব বিষয়ের কোনো সমাধান নেই। ফলে প্রচুর লোককথা এটা নিয়ে প্রচলিত। যেমন গাড়ির আরব ড্রাইভার আলী আহমাদ আস সালেমি জানালেন, ‘এখানে কোনো জিন-টিন নেই, এটা ‘আরদে মুকাদ্দাস’ বা পবিত্র মাটি। এই পাহাড়ের ওপর দিয়ে প্লেনও যেতে পারে না। এই পাহাড়ে উঠে নবী করিম (সা.) জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তখন নাকি কিছু জিন দুষ্টুমি করে পালিয়ে যেতে যায়। পরে বয়স্করা তাদের পালানো রোধ করতে বিশেষ ব্যবস্থা নেয় তাদের পথ উল্টে দিয়ে। তাই এখানে সবকিছু উল্টো চলে।
যদিও ইসলামের ইতিহাসে এমন কোনো ঘটনার প্রমাণ মেলে না। নবী করিম (সা.) জিনদের ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কায়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মদিনায় জিনদের সঙ্গে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায় না।
বর্তমানে ওয়াদি আল জিন এলাকাটি পর্যটন স্পট হিসেবে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে। স্থানীয় আরবরা ছুটির দিন এখানে অবসর কাটাতে আসেন। এখানে বেশ কিছু স্থানে ছোট ছোট গাড়ি ভাড়া দেওয়ার দোকান গড়ে উঠেছে। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে উল্টো পথে গাড়ি চলার অভিজ্ঞতা কেমন- তা পরখ করে দেখার সুযোগ মেলে।
২০০৯-২০১০ সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বায়জায় একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে। কিন্তু ৩০ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা শুরু হয়। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। যেনো অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলো মদিনার দিকে ঠেলছে। এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলোও নাকি বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে ওপরের দিকে উঠতে থাকে।
ওয়াদি আল জিন পাহাড় সম্পর্কে মানুষের প্রথম ধারণা আসে ২০০৯-২০১০ সালে। সৌদি সরকার এখানে একটি সড়ক তৈরির পরিকল্পনা করে ছিল। যথাসময়ে কাজও শুরু হয়েছিল। কিন্তু সমস্যা দাঁড়াচ্ছিল রাস্তা নির্মাণের জন্য রাখা যন্ত্র ও পিচ ঢালাই করার বড় বড় রোলার গাড়িগুলো আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছিল। একটা সময় গাড়ি স্বয়ংক্রিয়ভাবে মদিনা শহরের দিকে এগোতে থাকে।
নানা তথ্যসূত্র বলছে, ২০১০ সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বায়দায় একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু তাতে ঘটে বিপত্তি। ৩০ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর হিতে বিপরীত। হঠাৎ দেখা যায়, রাস্তা নির্মাণের যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একা একাই চলে যাচ্ছে।
চলার পথে যে রাস্তাটি দেখছি সেটি জিন পাহাড়ে পর্যন্ত গিয়ে থেমেছে রাস্তাটি আরও সামনে নেয়ার ম্যাপ থাকলেও নাকি সেটি আর সামনে নিতে পারেনি। বেশ কয়েকবার চেষ্টার পরেও নাকি সম্ভব হয়নি রাস্তার কাজ এগিয়ে নিতে।
তবে নিজ চোখে যা দেখলাম, রাস্তায় সবকিছুই ঢালুর বিপরীত অর্থাৎ উঁচুর দিকে গড়ায়। সাধারণ নিয়মের একেবারেই উল্টো। রহস্যঘেরা এই পাহাড়ে গাড়িও ঢালুর বিপরীতে চলতে শুরু করে। তাও আবার ছোটখাটো বস্তু হলেও কথা ছিল। এই অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় কয়েক টন ওজনের গাড়িকেও প্রায় ১৪০ কি.মি. স্পিডে। পানির বোতল কিংবা পানি ঢেলে দিলে সেটিও বিপরীত অর্থাৎ উঁচুর দিকে গড়ায়।
অনেকেই ধারণা করেন, জায়গাটিতে প্রচুর চুম্বকজাতীয় পদার্থ রয়েছে বিধায় এমন ঘটনা ঘটে। কিন্তু জায়গাটি সম্পর্কে বেশ কয়েকবার গবেষণা করেও নাকি মেলেনি তেমন কোনো সুস্পষ্ট তথ্য। এমন রহস্যময় জিনের পাহাড় ঘিরে নানা কৌতুহলের সৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই হাজারো পর্যটক ছুটে আসেন এটি দেখতে।
বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও অদ্ভুত পথ হলো এ ওয়াদি-আল জিন পাহাড়ের বুক চিরে যাওয়া সড়কটি। সৌদি সরকার বেশ কিছুকাল জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ রাখার পর কয়েক বছর মাত্র সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিয়েছে।
প্রতি বছর হজ কিংবা ওমরা হজ করতে আসা মানুষও এই রহস্যঘেরা জিনের পাহাড় দেখার জন্য ভিড় করে। তবে দুনিয়াজোড়া জ্ঞান বিজ্ঞানের এত প্রসারের পরেও আজ অবধি এই অপার রহস্যের উদঘাটন করতে পারেনি কেউ। আজও বিস্ময় সৃষ্টি করে চলেছে এই অদৃশ্য শক্তির পাহাড়।
রহস্যময় পর্বতটি জিনের পাহাড়, যাদুর পাহাড় কিংবা চুম্বকের পাহাড়- যেনামেই পরিচিত হোক না কেন এটি পৃথিবীর অবাক এক বিস্ময়ের নাম। এ বিস্ময়ের রহস্য অজানা। স্থানটি দেখার কৌতুহল আরও বাড়ে। কিন্তু এ কৌতুহল মেটানোর কোনো উপায় নেই। এমন অতৃপ্তি নিয়েই ফিরতে হয় দর্শনার্থীদের। যেমন আমরা ফিরেছি অনেক প্রশ্নের উত্তর না পেয়েই!
সৌদিয়ানদের কাছে এ জিন পাহাড় নিয়ে নানা মিথ চালু রয়েছে। জানি না কতটুকু সত্য-মিথ্যা। তবে জায়গাটা অসাধারণ। এর আশপাশের পাহাড়গুলো অধিকাংশই কালো রঙের। ইচ্ছামতো ঘুরে দেখলাম। ওয়াদি আল জিন পাহাড় দেখে ছুটলাম খেজুর বাগান। সেই গল্প আগামী কোনো সংখ্যায় হবে ইনশাআল্লাহ।
যারা যেতে চান
ফজর পড়েই গেলে ভালো। ঠাণ্ডা ঠাণ্ডা ভাব থাকে। তা না হলে প্রচণ্ড তাপমাত্রায় অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। মসজিদে নববীর সামনে থেকে মাইক্রোতে শেয়ারিংয়ে যেতে পারবেন। তবে রিজার্ভ নিয়ে গেলে সুবিধা বেশি। কারণ একাই গেলে যা ভাড়া, তিনজন গেলেও একই ভাড়া।
গাড়ি চালক যেন বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের হয় সেদিকে খেয়াল রাখবেন। গাড়ি রিজার্ভ নিলে অবশ্যই ওহুদ পাহাড় থেকেও ঘুরে আসতে পারবেন। তাতে করে আরেকদিন ওহুদ দেখতে যাওয়ার খরচটা বেঁচে যাবে।