নেদারল্যান্ডসের রটারডামে একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এসময় মসজিদের দেয়াল ভাঙচুর, বিয়ার বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে অশোভন আচরণের অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)। হামলার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে আইএসএন জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ছয়জন অজ্ঞাত হামলাকারী মেভলানা মসজিদে ভাঙচুর চালায়। সংস্থাটি জানায়, হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল নষ্ট করে। পাশাপাশি তারা ভবনটির দিকে বিয়ার বোতল ছুড়ে মারে এবং এর সামনের অংশে প্রস্রাব করে।
বিবৃতিতে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশকে ফোন করলেও যথাসময়ে সাড়া না দিয়ে হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আইএসএন বলেছে, মুসলিম ও মসজিদগুলোকে লক্ষ্য করে হামলার সংখ্যা বাড়তে থাকায় মুসল্লিরা নিজেদের ক্রমেই অনিরাপদ মনে করছেন। সংস্থাটির দাবি, ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা এ ঘটনাকে এমন কোনও হুমকি হিসেবে দেখেননি, যাতে তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন ছিল।
আইএসএন বলেছে, সব পরিস্থিতিতেই ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ভীতি ছাড়া তাদের ধর্ম পালনের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবৃতিতে আরও বলা হয়, হামলার পাশাপাশি পুলিশের ভূমিকাও গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইএসএন জানিয়েছে, হামলার ঘটনায় তারা আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং ঘটনাটিকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করার অনুরোধ জানিয়েছে।