সামাজিক সুরক্ষা খাতে বীমা বাস্তবায়নের জন্য যেসব এজেন্সি রয়েছে তারা যথেষ্ট পরিমাণ সচেতন না। তাই তারা এ খাতের বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে সামাজিক বীমা ফোরামের সূচনা শীর্ষ সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ মন্তব্য করেন তিনি।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ যেহেতু স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের বা উন্নত দেশের কাতারে উঠছে এবং মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে তাই বাংলাদেশের মানুষের জন্য সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেখানেও উত্তরণের দরকার।
তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের অংশ হিসেবে আমাদের উচিত হবে সামাজিক বীমা কর্মসূচিতেও দেশের জনগণকে অন্তর্ভুক্ত করা। এ ধরনের কর্মসূচির জন্য বাংলাদেশে এরই মধ্যে নীতিকাঠামো রয়েছে। এখন এটি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভাগকে দায়িত্ব দেয়া রয়েছে। তারা কিভাবে কাজ করছে সেটা দেখা দরকার।
সিপিডি গবেষণা পরিচালক বলেন, নৈতিকভাবে সরকারের অঙ্গীকার পরিষ্কার, কিন্তু সেটা বাস্তবায়নের দিকে যেসব এজেন্সি রয়েছে তারা এখনো যথেষ্ট পরিমাণ সচেতন না এবং তারা এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দেখাতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে ধারণাগত পার্থক্য,আইনি ঘাটতি, প্রাতিষ্ঠানিক পরিস্থিতির জায়গায় দুর্বলতা এবং লোকবল প্রস্তুত না। এ যে সামগ্রিক ঘাটতি রয়েছে, সেই আলোকে বিবেচনা করলে এ ইনস্যুরেন্স অ্যাকশন প্লান ২০২৫ সালের মধ্যে এ্যাক্টে পরিণত করার দায়িত্ব রয়েছে। এর সেটা করার জন্য দুই বছর হাতে সময় আছে। এ সময় মোটেও যথেষ্ট না। এজন্য এ ধরনের ফোরামের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআইজেডর প্রজেক্ট ম্যানেজার ড. সিলভিয়া পপ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আমিনুল আরেফিন, আইএলও কান্ট্রি অফিস ঢাকার চীফ টেকনিক্যাল অফিসার সাইদ সাদ হোসাইন গিলানি, সিপিডি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পারভীন মাহমুদসহ অনেকে।
০০০০০
বাংলাদেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে কেবল সামাজিক নিরাপত্তা জালের মধ্যে থাকলে চলবে না। এখন সামাজিক বিমা চালু করার সময় এসেছে। সরকারের কর্মপরিকল্পনার মধ্যে বিষয়টি নিয়ে আসা উচিত। কিন্তু দেশ এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। অনেক দেশ ১০০ বছর আগে সামাজিক বিমা চালু করেছে। তারা এখন এই ব্যবস্থার সুফল ঘরে তুলছে। বাংলাদেশের উচিত সেই দেশগুলো থেকে শিক্ষা নিয়ে এ বিষয়ে অগ্রসর হওয়া।
মূল প্রবন্ধে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সামাজিক সুরক্ষা জালের অনেক ফাঁকফোকর আছে, যাঁদের সামাজিক সুরক্ষা পাওয়ার কথা, তাঁরা পান না। আবার যাঁদের পাওয়ার কথা নয়, তাঁরা পান। এই বাস্তবতায় সামাজিক বিমা করা চালু করা হলে এসব ফাঁকফোকর বন্ধ করা সম্ভব হবে।
গোলাম মোয়াজ্জেম আরও বলেন, পৃথিবীর অনেক দেশেই সামাজিক বিমা আছে। কোথাও এই বিমা বাধ্যতামূলক, কোথাও আবার স্বেচ্ছাপ্রণোদিত। বাংলাদেশকে এসব দেশের অভিজ্ঞতা থেকে শিখতে হবে। এখানে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে, তাদের একসূত্রে নিয়ে আসতে হবে।
দেশে এত দিনেও সামাজিক নিরাপত্তা বিমা না হওয়ার কারণে বিস্ময় প্রকাশ করেন আইএলওর ঢাকা কার্যালয়ের প্রধান টেকনিক্যাল পরামর্শক সৈয়দ সাদ হোসেন গিলানি। এর জন্য তিনি আমলাতন্ত্রের ধীরগতিকে দায়ী করেন। সরকার সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়ন করেছে আরও আট বছর আগে। কিন্তু তা বাস্তবায়নের গতি খুবই কম। মূলত আমলাতন্ত্রের জ্ঞান ও অভিজ্ঞতার ঘাটতিকে এর জন্য দায়ী করেন তিনি।
সৈয়দ সাদ হোসেন গিলানি বলেন, বাংলাদেশে সামাজিক নিরাপত্তার পূর্ণাঙ্গ ভার সরকারের ওপর, এ ক্ষেত্রে বেসরকারি খাত ও ব্যক্তির ভূমিকা নেই বললেই চলে। সরকারের উদ্যোগের সঙ্গে অন্যদেরও এগিয়ে আসা দরকার বলে তিনি মনে করেন। সরকার, নিয়োগকর্তা ও কর্মী—এই তিন পক্ষকে একত্রে বসে ঠিক করতে হবে, সামাজিক বিমা রূপরেখা কেমন হবে। প্রয়োজনে আইএলও এ ক্ষেত্রে সহায়তা করতে পারে।
সামাজিক বিমা যেহেতু কর্মজীবী মানুষের জন্য, সেহেতু তিনি মনে করেন যে এই কাজের মূল দায়িত্বে থাকা উচিত শ্রম মন্ত্রণালয়ের। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের চেয়ে ছোট জিডিপি ও কম মাথাপিছু আয় নিয়ে সামাজিক বিমা চালু করেছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত তার উদ্যোগ নেই।
অনুষ্ঠানের আলোচনা পর্বে দেশের ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা বলেন, দেশে ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র বিমা নিয়ে বেশ কিছু কাজ হয়েছে, পাইলটভিত্তিক অনেক প্রকল্প চালু করা হয়েছে। বিমা কোম্পানিগুলোর নিয়মিত ক্ষুদ্র বিমা পণ্যও আছে। এসব প্রকল্প ও কাজের অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করা দরকার, তাহলে সামাজিক বিমার কাজে গতি আসবে।
সভাপতির বক্তব্যে পারভীন মাহমুদ বলেন, সামাজিক বিমা চালুর ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সবচেয়ে জরুরি। কোন মন্ত্রণালয় এ ক্ষেত্রে নেতৃত্ব দেবে, তা ঠিক করতে হবে। সেই সঙ্গে নলেজ ব্যাংক ও আইনি কাঠামো তৈরির পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।