রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন




কুড়িগ্রামে দ্রুত বিনিয়োগ শুরু হবে: ভুটানের রাজা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ১২:০৪ pm
file pic

কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ধরলা সেতুর পূর্বে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় বৃহস্পতিবার দুপুরে ১৪ সদস্যের সফরসঙ্গী নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। পরে বেলা ৩টায় সড়কপথে জেলার ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন ওয়াংচুক।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ভুটানের রাজা কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল দেখে খুশি হয়েছেন। জায়গা দেখেছেন, যোগাযোগ ব্যবস্থা দেখেছেন। সবকিছু মিলে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাজা জানিয়েছেন, স্থানীয়দের চাহিদা এবং ভুটানের বিনিয়োগকারীদের চাহিদার ওপর ভিত্তি করে এখানে কী ধরনের শিল্প-কারখানা হবে তা নির্ধারণ করা হবে। তবে কৃষি ও উৎপাদন শিল্প হওয়ার সম্ভাবনা বেশি। যত দ্রুত সম্ভব এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভুটানের বিনিয়োগ শুরু হবে। এ থেকে আমরা আশাবাদী খুব দ্রুতই কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে ভুটান সরকারের সহায়তায় অর্থনৈতিক অঞ্চলটি চালু হবে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ-সদস্য ডা. হামিদুল ইসলাম জানান, অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে এলাকার বেকার মানুষ কাজ পাবে। সমৃদ্ধির পথে এগিয়ে যাবে পিছিয়ে পড়া এই জেলা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ-সদস্য ডা. হামিদুল হক খন্দকার, বিপ্লব হাসান পলাশ, বেজার নির্বাহী চেয়ারম্যান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ভুটানের রাজার সঙ্গে উপস্থিত ছিলেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD