আজ বাজেট অনুমোদন
আবাসন খাতে অপ্রদর্শিত আয় বা কালোটাকা বিনিয়োগের সুযোগ রাখা হবে কিনা- এ নিয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে আজ। এ সিদ্ধান্তের পরপরই ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধ্যাদেশ আকারে জারি করা হবে। এছাড়া বাজেটে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্তর্বর্তী সরকার ২ জুন বাজেট ঘোষণার পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়ে আবাসন খাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ রাখার কারণে। এ সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা জুলাই আন্দোলনের স্পিরিট বা চেতনার পরিপন্থি আখ্যা দেন। যদিও বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে চিন্তা-ভাবনার কথা জানানো হয়। শনিবার রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, উচ্চতম কর হারের ওপর ৫ শতাংশ জরিমানা দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রাখা যেতে পারে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘সাধারণ ক্ষমার’ (ট্যাক্স অ্যামনেস্টি) আওতায় আবাসন খাতে কালোটাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখা হয়নি। যদিও বর্গমিটার হিসেবে এলাকা ভেদে বিশেষ কর দেওয়ার মাধ্যমে আবাসন খাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ বহাল রাখা হয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে অপ্রদর্শিত নগদ অর্থ বৈধ করার ট্যাক্স অ্যামনেস্টি সুবিধা বাতিল করে। গত ২ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বৈষম্যমুক্ত ও প্রগতিশীল কর ব্যবস্থা গড়ে তুলতে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়ছে। কিন্তু আবাসন খাতে বিশেষ কর হার বহাল রাখা হয়। এ সুবিধার মেয়াদ এক বছর ছিল। আগামী ৩০ জুন মেয়াদ শেষ হওয়ায় কথা। নতুন অর্থবছরে করে আর মেয়াদ বাড়ানো হয়নি। সর্বপ্রথম ২০২০-২১ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে কালোটাকা বা অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে বর্গমিটারপ্রতি নির্দিষ্ট হারে কর দিয়ে প্লট-ফ্ল্যাট প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। অর্থনীতিবিদ ও সুশীল সমাজের চাপে মুখে এ সুবিধা প্রত্যাহার করা হলেও পরবর্তীতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কর হার বাড়িয়ে এই সুযোগ পুনর্বহাল করা হয়।
সূত্র জানায়, কালোটাকা সাদা করার সুযোগ রাখা হবে, কী হবে না- সে বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। এনবিআর তরফ থেকে চিকিৎসা খাতে ব্যবহৃত কিছু উপকরণের ওপর অগ্রিম আয়কর প্রত্যাহার করার প্রস্তাব থাকছে।
গত ২ জুন বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা, এর মধ্যে এনবিআরের লক্ষ্য ধরা হয়েছে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এছাড়া কর ব্যতীত প্রাপ্তি ৫০ হাজার কোটি টাকা।