বাংলা নববর্ষের দিন ভোরে কুমিল্লায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
তিনি জানান, নিহতদের সকলেই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), মো. আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫) এবং একই জেলার বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের মো. পলাশের ছেলে সুমন (২১), বিষু (৩৫), মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন (৩০) ও রকিব উল্লার ছেলে আবদুর রশিদ (৫৫)
হাইওয়ে পুলিশ জানায়, ভোর তিনটার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ওই ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী ট্র্রাকের নিচে চাপা পড়ে। এতে সাতজন নিহত ও ৬ জন আহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।