সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন




শিল্পকলায় নাট্যকেন্দ্রের নতুন নাটক ‘পুণ্যাহ’ ১৮ই আগস্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৮:১১ pm

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা ‘পুণ্যাহ’। আগামী ১৮ই আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় একাডেমিটির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বদ্রুজ্জামান আলমগীরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। কাঁকুড়গাছি নামের এক নিভৃত গ্রামের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় এবং এর পরবর্তী সামাজিক টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে নাটকের মূল প্রেক্ষাপট। এক ভয়াবহ ঝড়ে পুরো জনপদ মৃত্যুপুরীতে পরিণত হওয়ার পর কীভাবে কুসংস্কার, হিংস্রতা ও পাপ-পুণ্যের গোলকধাঁধায় মানুষ বন্দি হয়ে পড়ে-তা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এতে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিদ্বেষ ও অস্তিত্বের সংকটের এক বৈশ্বিক প্রতীক হিসেবে নাটকটি মঞ্চে উঠে আসে।

প্রায় দুই ঘণ্টার এই প্রযোজনায় আলোকসম্পাত, সুচিন্তিত মঞ্চসজ্জা এবং আবোহ সংগীতের নান্দনিক সমন্বয় ঘটানো হয়েছে। প্রবীণ ও নবীন অভিনয়শিল্পীদের দক্ষ নির্দেশনায় এক সুসংহত রূপ দিয়েছেন নির্দেশক ইউসুফ হাসান অর্ক।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ একঝাঁক দক্ষ শিল্পী। শিল্পীদের প্রাণবন্ত অভিনয়শৈলী ও মঞ্চের আবহ দর্শককে গভীরভাবে আচ্ছন্ন করবে বলে আশা প্রকাশ করছে নাট্যদলটি। বর্তমান সময়ে মঞ্চনাটকের আঙিনায় ‘পুণ্যাহ’ একটি উজ্জ্বল ও প্রশংসনীয় সংযোজন হিসেবে আবির্ভূত হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD