বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন




ভয়াবহ বন্যা ও ভূমিধস

নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৯:৫৭ am

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় ৫ লাখ ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ দিয়ে জরুরি আশ্রয়, পানি, স্যানিটেশনসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির

এতে বলা হয়েছে, ‘নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি যুক্তরাষ্ট্র গভীর সমবেদনা জানাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার জন্য আমরা প্রার্থনা করি।’

নেপালের এই ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫৪ জন মার্কিন নাগরিক, যাদের বেশিরভাগই পর্যটক বলে জানা গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

পুলিশ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ৬৪ জনের মরদেহ চিতওয়ান জেলার ভাটির দিকে বিভিন্ন এলাকায় পাওয়া গেছে। এ ছাড়া নাওয়ালপরাসি ইস্ট জেলায় আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন।

জঙ্গলে সাফারির জন্য জনপ্রিয় পর্যটন এলাকা চিতওয়ানসহ কয়েকটি পৌরসভায় বন্যার পানি বাড়তে থাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD