বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন




ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার অর্থায়ন করছে আইএসডিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৪ pm
Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil LNG এলএনজি liquid Liquefied natural gaslng terminal bangladesh Ship Laffan জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্পট মার্কেট খোলাবাজার আমদানি টার্মিনাল পায়রা Gas Field গ্যাস কূপ cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর pipeline পাইপলাই তেল গ্যাস পাইপলাইন পাইপ লাইন
file pic

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। এ অর্থায়নের ফলে দেশের অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে বাংলাদেশ সরকার ও আইএসডিবির মধ্যে এ-সংক্রান্ত অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন।

প্রকল্পটির আওতায় ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে।

আইএসডিবির দেওয়া অর্থায়নের পরিমাণ ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ১ বিলিয়ন ডলারের এই অর্থায়ন বাংলাদেশের জ্বালানি অবকাঠামোর অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়লে দেশে পরিশোধিত জ্বালানি আমদানির ওপর চাপ কিছুটা কমতে পারে। একই সঙ্গে অপরিশোধিত তেল আমদানি করে দেশে পরিশোধনের সক্ষমতা বাড়ার ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনার সুযোগ তৈরি হবে।

তবে প্রকল্পটির সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে নির্ধারিত সময়ে কাজ শেষ করা, ব্যয় নিয়ন্ত্রণ এবং পরিশোধনাগারের কার্যকর পরিচালনার ওপর। বড় ধরনের অবকাঠামো প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি হলে প্রত্যাশিত অর্থনৈতিক সুফলও বিলম্বিত হতে পারে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসডিবি গ্রুপের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

চুক্তি স্বাক্ষর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের।

সাক্ষাতে বাংলাদেশ ও আইএসডিবির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় আগামী দিনে বাংলাদেশ ও আইএসডিবির মধ্যে সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD