রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। রুটভেদে ২০ থেকে ২৫৩টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নে কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে রাজধানীর মোট ৩২টি রুটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস পরিচালনা ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, প্রতিটি রুটের বাসের জন্য আলাদা রং ও নম্বর নির্ধারণ করা থাকবে। পাশাপাশি বাসের সামনের ডিজিটাল প্লেট দেখে যাত্রীরা সহজেই নিজেদের গন্তব্যের জন্য নির্ধারিত বাস শনাক্ত করতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে যে ছয়টি রুটে এ কার্যক্রম শুরু হয়েছে, সেগুলো হলো- গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার আজিমপুর, মিরপুর থেকে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর। এর মধ্যে শিববাড়ী থেকে আজিমপুর পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার দীর্ঘ রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। বর্তমানে এ রুটে ভিআইপি ও বিকাশ পরিবহনের বাস চলাচল করছে।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, বিআরটিসি, ডিএমপি এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যানজট ও সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ হিসেবে একই রুটে একাধিক পরিবহন কোম্পানির বাসের মধ্যে প্রতিযোগিতাকে বিবেচনা করা হয়। একই পথে বিভিন্ন কোম্পানির বাস চলাচলের কারণে যাত্রী ওঠানো ও নামানো নিয়ে বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পরিচালনা ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে রাজধানীর ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত ২৬ নম্বর রুটে পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাসসেবা চালু করা হয়েছিল। বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্স সিলভা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসি যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে। ওই ব্যবস্থায় কাউন্টারভিত্তিক ই-টিকিটিং সেবা চালু ছিল। যাত্রীদের নির্ধারিত স্টপেজ থেকে টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট গন্তব্যে নামতে হতো।