শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন




Pulitzer Prize: কারা কারা পেলেন ‘সাংবাদিকতার নোবেল’ এ বছরের পুলিৎজার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৮:১৭ pm
Pulitzer Prize Award পুলিৎজার পুরস্কার জোসেফ পুলিৎজার
file pic

Pulitzer Prize 2023:মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই পুলিৎজার পুরস্কারকে ‘সাংবাদিকতার নোবেল’ হিসেবে ধরা হয়। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ইউক্রেনে যুদ্ধ নিয়ে খবর করার সুবাদে এ বছরের পুলিৎজার পুরস্কার পেল ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (এপি) এবং ‘নিউ ইয়র্ক টাইমস’!

‘সাংবাদিকতার নোবেল’। সবাই জানে, কোন পুরস্কারটিকে বলা হয়। পুলিৎজার। ঘোষণা হলো এ বছরের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম। ইউক্রেনে যুদ্ধ নিয়ে খবর করার সুবাদে এ বছরের পুলিৎজার পুরস্কার পেলো ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (এপি)। পাশাপাশি এই যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কৃত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-ও! সদ্য এ বছরের পুলিৎজার পুরস্কার জয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতার নোবেল হিসেবে ধরা হয়। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্যেও এই পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর এই পুরস্কারের কথা ঘোষণা করে।

পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে। এ বছর এই পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এপি বা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’। পাশাপাশি ব্রেকিং নিউজ ফোটোগ্রাফি বিভাগেও পুরস্কার পেয়েছে তারা। অন্যদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং বা আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন বিভাগে সেরা নির্বাচিত হয়েছে নিউইয়র্ক টাইমস। পাশাপাশি ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগেও পুরস্কার পেয়েছে তারা।

খুবই তাৎপর্যপূর্ণ ভাবে পুরস্কার ঘোষণার আগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গের্শকোভিচের প্রসঙ্গে কথা বলেন পুলিৎজার বোর্ডের নেইল ব্রাউন। গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের এই সাংবাদিককে গ্রেফতার করেছে রাশিয়া। নেইল বলেন– বিশ্বের বিভিন্ন সংস্থার মতো পুলিৎজার পুরস্কার বোর্ডও অবিলম্বে ইভানের মুক্তি চাইছে। অনেকের মতো ইভানও তো নিজের কাজটিই করেছেন!

পুলিৎজার পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া এপির সাংবাদিকেরা হলেন– মিসতিসলাভ চেরনভ, ইভজেনি মালোলেতকা, ভাসিলিসা স্তেপানেঙ্কো , লরি হিনান্ট। গত বছরের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ার হামলার সময় সেখানে অবস্থান করছিলেন তাঁরা। হামলায় শহরটিতে সাধারণ লোকজনের নিহত হওয়ার তথ্য সংগ্রহ করেছিলেন তাঁরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় ন্যাশনাল রিপোর্টিং বা জাতীয় বিষয়ক প্রতিবেদন বিভাগে এবার পুলিৎজার পুরস্কার পেয়েছেন ‘ওয়াশিংটন পোস্টে’র প্রতিবেদক ক্যারোলিন কিচেনার। সংবাদমাধ্যমটির হয়ে ফিচার রাইটিং বিভাগে পুরস্কার পেয়েছেন এলি স্যাসলো।

লোকাল রিপোর্টিং বা স্থানীয় প্রতিবেদন ও কমেন্টারি বা মতামত বিভাগ দুটিতে পুলিৎজার পেয়েছে আলাবামা-র ‘এএল ডটকম’ সংবাদমাধ্যমটি। ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’ও দুটি পুলিৎজার পুরস্কার পেয়েছে। একটি ব্রেকিং নিউজ বিভাগে, অন্যটি ফিচার ফোটোগ্রাফি বিভাগে। ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD