ভারতের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নরেন্দ্র মোদি সরকারের আনা আরও একটি চিতার মৃত্যু হলো। গত দেড় মাসের মধ্যে এ নিয়ে সেখানে চতুর্থ চিতা মারা গেল। তবে এটি আগের তিনবারের মতো পূর্ণবয়স্ক চিতা নয়, এবার মৃত্যু হয়েছে একটি শাবকের।
মধ্যপ্রদেশ বন দপ্তরের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নামিবিয়া থেকে আনা একটি চিতা গত মার্চ মাসে চারটি শাবকের জন্ম দিয়েছিল। মঙ্গলবার (২৩ মে) তারই একটি মারা গেছে। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে শারীরিক দুর্বলতাকে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। তবে ওই চিতাটির অন্য তিনটি শাবক সুস্থ রয়েছে বলে জানিয়েছে কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
চলতি মে মাসের ৯ তারিখে কুনোয় দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতার মৃত্যু হয়। অনুমান, ফিন্ডা নামে একটি পুরুষ চিতার আক্রমণে সেটির মৃত্যু হয়।
গত ২৭ মার্চ কুনোয় প্রথম মৃত্যু হয়েছিল নামিবিয়া থেকে আনা পাঁচ বছরের এক চিতার। এর আগে ২৪ এপ্রিল মারা যায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরেকটি চিতা।
মধ্যপ্রদেশ বন বিভাগের চিকিৎসকেরা জানিয়েছিলেন, কিডনিতে সংক্রমণ ও ‘কার্ডিয়ো পালমোনারি ফেলিওর’কের কারণে চিতা দুটির মৃত্যু হয়।