শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন




ডলারের বাজারভিত্তিক বিনিময় ব্যবস্থা শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ৮:০৪ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic/Reuters

ডলারের বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফর ঋণের শর্তের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাজারভিত্তিক বিনিময় ব্যবস্থা চালুর পরই মার্কিন মুদ্রাটির দাম বেড়েছে ২ টাকা ৮৫ পয়সা।

সবশেষ সোমবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক ১০৮ টাকা ৮৫ পয়সা দরে বিক্রি করেছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার (৩ জুলাই) জরুরি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মোট ৫ কোটি ৪৫ লাখ ডলার বিক্রি করেছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ডলারের নতুন এ দর নিয়ে গত এক বছরে বেড়েছে দাম ১৫ টাকা ৪০ পয়সা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’র ৪৭০ কোটি ডলার ঋণের অন্যতম শর্ত হলো ‘ব্যাংক ঋণের সুদহার ও ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা।’ একইভাবে ডলার কেনার এক দর কার্যকর করা। ডলার কেনার এক দর চলতি মাস জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও এটি আগামী সেপ্টেম্বরে কার্যকর হবে। আর এটি কার্যকর হলে রপ্তানি ও রেমিট্যান্সে ডলার কেনার দর হবে অভিন্ন বা একই।

আইএমএফ’র ঋণের শর্তের আলোকে ডলারের বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা চালু করলো বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে আন্তঃব্যাংকে (এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে) ডলার বিক্রির সর্বোচ্চ যে দাম উঠবে, সে দামেই ডলার বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৩ জুলাই) আন্তঃব্যাংকে সর্বোচ্চ দর উঠেছিল ১০৮ টাকা ৮৫ পয়সা এবং রোববার (২ জুলাই) দাম ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে (৩ জুলাই-২০২২) প্রতি ডলার ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা।

অন্যদিকে দেশের মধ্যে তীব্র ডলার সংকট হলে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে জরুরী পণ্য আমদানির জন্য ডলার সহায়তা দিয়ে আসছে। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ থেকে ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন বা ১৩৫৮ কোটি ডলার বিক্রি করেছে। আর গত ২০২১-২০২২ অর্থবছরে বিক্রি করা হয়েছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন বা ৭৬২ কোটি ডলার। আর রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার সহায়তা দেওয়ার ফলে ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ কমে এখন ৩১ দশমিক ১৯ বিলিয়ন ডলারে এসেছে।

আইএমএফ’র ঋণের অন্যতম শর্ত ঋণের সুদহার বাজারভিত্তিক করা। ঋণের সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার ব্যবস্থা থেকে বেরিয়ে ১ জুলাই থেকে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহারের সঙ্গে ৩ শতাংশ যোগ করে ঋণ বিতরণ করছে ব্যাংক। ‘স্মার্ট’ বা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আর চলতি মাস জুলাইয়ে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ দাঁড়াবে ১০ দশমিক ১০ শতাংশে। বাংলাদেশ ব্যাংক প্রতি মাসেই স্মার্ট রেট ঘোষণা করবে, আর সেই আলোকেই সর্বোচ্চ সুদহার ঠিক করবে ব্যাংকগুলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD