রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন




যেসব ইসরাইলির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ১১:১৬ am
ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে সহিংসতা নিয়ে ইসরাইলকে কয়েক দফায় সতর্ক করার পর মঙ্গলবার ভিসা নিষেধাজ্ঞার এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

মূলত অবৈধভাবে বসতি স্থাপনকারী ছাড়াও সহিংসতা চালানো ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খরব রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল-অধিকৃত পশ্চিমতীরে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

মূলত পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা ঠেকানোর জন্য ইসরাইলের কাছে একাধিক আবেদন জানানোর পর সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ ও ইসরাইলিদের ওপর ফিলিস্তিনি আক্রমণসহ পশ্চিমতীরে স্থিতিশীলতা নষ্ট করে এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা বারবারই করেছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘আমরা পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস হামলাকারী উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনতে ইসরাইল সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।

অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করে ব্লিঙ্কেন বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট পশ্চিমতীরে সহিংসতামূলক কাজ বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় অধিকার, বিভিন্ন পরিষেবা ও মৌলিক অধিকার সীমাবদ্ধ করে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন ভিসা বিধিনিষেধ নীতি বাস্তবায়ন করছে। এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতাভুক্ত হতে পারেন।’

এদিকে ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গত সপ্তাহে সফরের সময় ইসরাইলি কর্মকর্তাদের কাছে স্পষ্ট জানিয়েছিলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থি সহিংসতা বন্ধ করতে তাদের আরও কিছু করতে হবে এবং এর জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেছেন, পশ্চিমতীরে ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আক্রমণ রোধেও ফিলিস্তিনি নেতাদের আরও বেশি কিছু করতে হবে। নতুন এই নীতির অধীনে প্রথম নিষেধাজ্ঞাগুলো মঙ্গলবার আরোপ করা হয়েছে এবং আগামী দিনে আরও অনেকের ওপর এটি আরোপ করা হবে।

মিলার বলেন, মার্কিন এই পদক্ষেপ শেষ পর্যন্ত কয়েক ডজন ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপর প্রভাব ফেলবে। এছাড়া দায়ী কোনো ইসরাইলির এখন মার্কিন ভিসা থাকলেও তাদের সেই ভিসা প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়ে দেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD