জয়া আহসানের ক্যারিয়ারের নতুন যাত্রা হতে যাচ্ছে আজ। দুই বাংলায় জনপ্রিয় জয়া আহসান। আর এবার তার যাত্রা বলিউড। আজ ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের প্রথম বলিউডের ওয়েব ফিল্ম ‘কড়ক সিং’। ‘পিঙ্ক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ সিনেমায় কড়ক সিংয়ের চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। এ সিনেমায় আরো অভিনয় করেছেন সানজানা সাংভি ও দক্ষিণের অভিনেত্রী পার্বতী থিরুভোথু। সম্প্রতি ভারতের গোয়ায় ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় কড়ক সিং সিনেমার প্রিমিয়ার হয়েছিল। চলচ্চিত্র উৎসবটিতে দর্শকের প্রশংসা পেয়েছিল সিনেমাটি।
কড়ক সিং সিনেমায় জয়ার চরিত্রের নাম নয়না। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত জয়া আহসান। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি সবসময় বিভিন্ন চরিত্রের সন্ধানে থাকি, বিশেষ করে যে চরিত্রগুলো আমার জন্য কমফোর্ট জোনে নয়। যেহেতু আমি হিন্দিভাষী অভিনেতা নই, তাই অবশ্যই এ সিনেমা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা আমার বরাবরই ছিল। তিনি তার সিনেমার গল্প এমনভাবে করেন যেটা আমাদের ভাবতে বাধ্য করে। সিনেমাটিতে যখন তিনি আমাকে সিলেক্ট করলেন, তখন একটা মিটিংয়ে সবাইকে নিয়ে বসলেন। আমাকে স্ক্রিপ্ট দেয়া হলো। আমার চরিত্রের চ্যালেঞ্জগুলো ওই সময় আমি স্পষ্টভাবেই বুঝতে পারছিলাম। এ চ্যালেঞ্জের কারণেই আমি সিনেমাটা না বলতে পারিনি।’
অন্যদিকে ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী প্রসঙ্গে জয়া বলেন, ‘আর বলতেই হবে, এ কড়ক সিংরূপী পঙ্কজ ত্রিপাঠি ছিল এ সিনেমায় অভিনয় করার অন্যতম আরো একটি কারণ। সিনেমায় তার অভিনয় আমাকে প্রভাবিত করেছে, এটা স্বীকার করতেই হবে। গল্পের প্লট আকর্ষণীয়। আমার চরিত্রটাও দুর্দান্ত এমন চরিত্রে আমি আগে অভিনয় করিনি।’
বলিউড অভিষেকের অভিজ্ঞতা নিয়ে জয়া আহসান বলেন, ‘কড়ক সিং আমার প্রথম বলিউড প্রজেক্ট। আমি সম্পুর্ণ ভিন্ন জায়গা থেকে এখানে এসেছি। একেবারেই নতুন আমি, এছাড়া ভাষাও আলাদা। সব মিলিয়ে বলা যায় নবাগত ছিলাম আমি। কিন্তু এটা আমি কখনই অনুভব করতে পারিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কাজ করেছি। পঙ্কজ ত্রিপাঠী আমাকে অনেক সাপোর্ট করেছেন। তিনি একজন দুর্দান্ত শিল্পী।’
কড়ক সিংয়ের নয়না চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘আমার নয়নার চরিত্রটা খুব পছন্দ হয়েছে। আর চিট্যনাট্য এককথায় অসাধারণ ছিল। চিত্রনাট্য পড়ার পর আমি এ সিনেমার প্রেমে পড়ে গেছি। অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে বলা চলে নয়না একটি শক্তিশালী মানসিকতার মেয়ে। ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে।’
কড়ক সিং সিনেমার গল্পটা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। মনস্তাত্ত্বিক জটিলতার সঙ্গে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ করা হচ্ছে। সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার আবেগধর্মী গল্প দেখা যাবে এ সিনেমায়। এর গল্প লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। অনিরুদ্ধর অন্যান্য সিনেমার মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘কড়ক সিং সিনেমাটি এ সময়ে এসে গুরুত্বপূর্ণ গল্প হতে যাচ্ছে বলে আমি মনে করি। একজন সাধারণ মানুষের প্রতি সরকারি কর্মকর্তার দায়িত্বের কথা বলবে সিনেমাটি। মানুষের সঙ্গে মানুষের সামাজিক সম্পর্কের গুরুত্ব দেখা যাবে এতে। সম্পর্কের গুরুত্বও দেখা যাবে।’
এ সিনেমায় তার অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পঙ্কজ ত্রিপাঠী ও সানজানা সাংভি এর আগে একটি কাজে বাবা ও মেয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আর এখানে পঙ্কজ ও সানজানার সঙ্গে আরো আছেন জয়া আহসান। সব মিলিয়ে বলা যায়, এ সিনেমায় আমি দুর্দান্ত অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। রহস্য আর সম্পর্কের জটিলতা নিয়ে সিনেমাটি।’
কড়ক সিংয়ের ট্রেলার প্রকাশের পরই দর্শকের প্রশংসা পাচ্ছে। তবে এটি মুক্তির পর দর্শকের পূর্ণ মনোভাব জানা যাবে। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তার পরবর্তী সিনেমাটি বাংলা ভাষায় হতে যাচ্ছে। এ সিনেমায় দেখা মিলবে জয়া আহসানের। সিনেমার নাম ‘ডিয়ার মা’। মা-মেয়ের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এ সিনেমা। নতুন বছরে ঢাকার জিয়া এবং কলকাতার শাশ্বতকে নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছেন অনিরুদ্ধ।