বৃটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলত বলেছেন, তার দেশের ওপর যে ইসরাইলি আগ্রাসন চলছে তা মোটেও ৭ই অক্টোবর শুরু হয়নি। বরঞ্চ ১০৬ বছর ধরে এই আগ্রাসন চলছে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদলুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তিনি বলেন, যখন বৃটেন আমাদের না জানিয়েই আমাদের ভূমি আরেক জাতিকে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তখনই এই আগ্রাসনের শুরু হয়।
ফিলিস্তিনি এই দূত আরও বলেন, স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য ফিলিস্তিনি জনগণের এই লড়াইকে এখন স্বীকৃতি দিতে হবে। আমাদেরকে অবশ্যই মানবাধিকার, জাতীয় অধিকার এবং আন্তর্জাতিক ঐক্যমত নিশ্চিত করতে হবে। ইসরাইল শুধু সামরিক সমাধান খুঁজে। তারা সহিংসতা, ভয়ভীতি এবং চাপের মাধ্যমে সমাধান করতে চায়।
ইসরাইল যা করছে তা শুধুমাত্র ফিলিস্তিনিদের ‘মানুষ না মনে করার’ কারণেই সম্ভব হচ্ছে। তিনি বলেন, ইসরাইলি মন্ত্রীরা আমাদেরকে ‘মানুষের মতো দেখতে পশু’ বলে আখ্যায়িত করেছেন। এভাবেই তিনি আমাদের ওপর চলমান গণহত্যাকে বৈধতা দিচ্ছেন। ইসরাইল-হামাস যুদ্ধে নিজেকে ভিক্টিম হিসেবে দেখাতে মরিয়া ইসরাইল।
তবে জমলত প্রথম থেকেই ইসরাইলের মুখোশ উন্মোচনে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে চলেছেন। সিএনএন ও বিবিসির মতো পশ্চিমা গণমাধ্যমেও তিনি জোড়াল ভাষায় ইসরাইলের সমালোচনা করেছেন।