শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন




জিএসপি পুনর্বহালে পররাষ্ট্রমন্ত্রীর দাবি নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১১:৪৪ am
US State Department Spokesperson Matthew Miller Matthew Miller Spokesperson at State Department USA ম্যাথিউ মিলার-usa ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa usa
file pic

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র জিএসপি (যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা) পুনর্বহাল করতে চায় বলে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন; তা নাকচ করে দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পুনর্বহালের ঘোষণা সম্পর্কে তার কিছু জানা নেই।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে এমন মন্তব্য করেন মিলার।

সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সাথে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর থেকে তুলে নেওয়া জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায়।

সোমবার পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে উদ্ধৃত করে ওই প্রবাসী সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ব্যাপারে তার মন্তব্য জানতে চান। এর জবাবে মিলার বলেন, জিএসপি সুবিধা পুর্নবহালের ঘোষণা সম্পর্কে তার কিছু জানা নেই।

গত বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেসময় দু’দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান এফেয়ার্স ব্যুরোর এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ডোনাল্ড লু বলেছেন, আগে যে ‘জিএসপি’ সুবিধা পেতাম, সেটি তারা (যুক্তরাষ্ট্র) ফিরিয়ে দিতে চায়। সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটি আমরা রিভিউ করছি। সেটি নিয়ে গতকাল আইনমন্ত্রীর সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD