কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ ছাত্রদের ডাকে কমপ্লিট শাটডাউনে কার্যত অচল হয়ে পড়ে সারাদেশ। এমন প্রেক্ষাপটে ২২শে জুলাই শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান এফবিসিসিআই থেকে শুরু করে প্রায় সব ব্যবসায়ী সংগঠনের নেতারাই। তারা বলেছিলেন, সংকটময় পরিস্থিতিতে অতীতেও তারা শেখ হাসিনার পাশে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। তবে গত দেড় দশকের দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ছাত্র-জনতার এক অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ ও সুবিধাভোগী ব্যবসায়ী ও এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। আওয়ামী লীগের মন্ত্রিসভা ও ব্যবসায়ী অঙ্গ সগঠনের অনেক সদস্যই দেশ ত্যাগও করেছেন। তবে যারা দেশ ত্যাগ করতে পারেননি তাদের অনেকেই প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে পলায়নপর মন্ত্রী-এমপি ও ব্যবসায়ীদের বেশ কয়েকজন সেনা হেফাজতে ক্যান্টনমেন্টে অবস্থান করছেন বলে জানা গেছে। এ ছাড়া মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন এমন খবরও পাওয়া যায়। এর আগে এমপি-মন্ত্রীদের দেশত্যাগ ঠেকাতে দেশের সবকটি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট অনেক ব্যবসায়ী নেতা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। অনেকে পরিবর্তিত পরিস্থিতির আগেই দেশ ছেড়ে পালিয়েছেন।
পরিবর্তীত পরিস্থিতির পর ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বর্তমান সভাপতি মাহবুবুল আলম বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। এ অবস্থায় এফবিসিসিআইয়ের পর্ষদ ভেঙে দেয়ার পাশাপাশি সংস্কারের দাবি জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বরাবর চিঠি দেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাসেম হায়দার সহ বেশ কয়েকজন সদস্য। তবে দুই দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার পর মাহবুবুর রহমান বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন।
শেখ হাসিনার সঙ্গে ওই বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেছিলেন, আমরা আপনার সাথে ছিলাম, আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। আপনার নেতৃত্বেই এ দেশ চলবে, অন্য কাউকে আমরা এখানে দেখতে চাই না, কারণ আপনি ব্যবসাবান্ধব প্রধানমন্ত্রী। আমরা প্রত্যেকটা ব্যবসায়ী প্রধানমন্ত্রীর পক্ষে আছি। এর কোনো বিকল্প আমরা চাই না।
এদিকে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি ৫ই আগস্টের পর আত্মগোপনে রয়েছে। এমন প্রেক্ষাপটে এফবিসিসিআইয়ের পর এবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার দাবি উঠেছে। বিজিএমইএ’র নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম সংগঠনটির পর্ষদ ভেঙে অন্তর্বর্তী পর্ষদ গঠন, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে চিঠি দিয়েছে।
ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি। তিনি এখন দেশের বাইরে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনও ওই বৈঠকে বক্তব্য দেন। তিনি জনসমক্ষে না এলেও আনেকটা গা বাছিয়ে চলাফেরা করছেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানও দশেই আছেন। তবে কোথায় আছেন কেউ বলতে পারে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বিজিএমইএ’র সাবেক সভাপতি। সম্প্রতি গুলশান ২ নম্বরে প্রধান কার্যালয়ে এসেছেন, এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করে সাধারণ মানুষ। কিন্তু তিনি আগেভাগেই কেটে পড়েন। ১৮ই আগস্ট রাতে রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত নগর ভবনের বাইরে এমন ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেন, মেয়রের অপসরণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিল। বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছে বুঝতে পেরে তিনি আগেই চলে যান।
পতন হওয়া শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে সুবিধপ্রাপ্ত ব্যবসায়ী ও এমপি ছিলেন আবদুস সালাম মুর্শেদী, যিনি পূর্বে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আওয়ামী লীগের প্রতি তার রাজনৈতিক আনুগত্য পরিবর্তন করেন ২০১৮ সালের আগস্টে খুলনা-৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। এরপর ৩ বার আওয়ামীলীগের এমপি হন মুর্শেদী। বাফুফের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দেশের ক্রীড়াখাত শীর্ষ দুর্নীতিবাজ ব্যক্তিদের একজন হিসেবে সমালোচনা রয়েছেন মুর্শেদীর। আওয়ামীলীগ আমলে সবচেয়ে বেশি সমালোচিত হন জালিয়াত ও দুর্নীতি করে রাজউকের যোগসাজশে গুলশানে সরকারি জায়গা দখল করে বাড়ি করে, যা দুদকের তদন্তে উঠে আসে। তবে অজ্ঞাত কারণে আসামি হননি মুর্শেদী দুদকের মামলায়। হাইকোর্ট এ বছর গুলশানের বাড়ি গণপূর্তকে হস্তান্তর করার আদেশ দিয়ে রায় দিলেও মুর্শেদী চেম্বার আদালত থেকে স্থিতি অবস্থা নিয়ে বাড়ি দখলে রেখেছেন।
প্রিমিয়ার ব্যাংকের পরিচালক হিসেবেও অনৈতিক সুবিধা লাভের অভিযোগ আছে মুরশেদীর পরিবারের বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যায় খুলনা-৪ আসনের আবদুস সালাম মুর্শেদী। সরকার পতনের পর এনভয় টেক্সটাইল মিলের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আহমেদের মালিকানাধীন এনভয় টাওয়ার প্রায় তিন বছর পর অবশেষে আওয়ামী লীগ এমপি আবদুস সালাম মুর্শেদীর দখল মুক্ত হয় গত ৭ আগস্ট বৃহস্পতিবার। কোটা সংস্কার আন্দোলনের ছাত্র-ছাত্রী ও সেনাবাহিনীর মধ্যস্থতায় এনভয় টাওয়ারে থাকা সালাম মুর্শেদীর রাজনৈতিক অফিস ও তার ব্যবসায়িক অফিসের সব আসবাব পত্র নিয়ে যায় তার কর্মকর্তা ও কর্মচারীরা। সরকার পতনের বেশ কয়েকবার এই ভবনটি বিক্ষুব্ধ জনতার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সালাম মুর্শেদীর রাজনৈতিক কার্যালয় হিসেবে তা ব্যবহার করার জন্য হামলার ঘটনা ঘটে। এরপর থেকে সালাম মুর্শেদী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।খুলনায় ৫ আগস্ট সংখ্যা লঘু আক্রমণেও সালাম মুর্শেদী ও তার অনুসারীদের অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের দুবারের সাবেক সভাপতি সামসুল আলামিন কাজল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। বর্তমান সভাপতি ওয়াহিদুজ্জামানকেও জনসমক্ষে দেখা যাচ্ছে না। এ ছাড়া আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। ডিসিসিআইর সভাপতি আশরাফ আহমেদ বর্তমানে সংগঠনটির প্রতিনিধি দলের সঙ্গে ভিয়েতনাম সফরে রয়েছেন। বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানকে সামনে দেখা না গেলেও ব্যবসা নিয়ে সরব রয়েছেন নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দেয়ার জবাব দিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেছেন, দেশের ব্যবসায়ীরা চাপের মধ্যে থাকার কারণে দীর্ঘদিন ধরে সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন। তাদের ‘ঘাড়ে যদি দুইটা করে মাথা থাকতো, তাহলে হয়তো সেই চাপ উপেক্ষা করতে পারতেন।