শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন




তিন বছরে ৪০০–৫০০ কোটি ডলার ঋণ দেবে আইএসডিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৯ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic/Reuters

আগামী তিন বছরে একটা প্যাকেজের আওতায় বাংলাদেশকে ৪ থেকে ৫ বিলিয়ন বা ৪০০ থেকে ৫০০ কোটি ডলার ঋণ দেবে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)। বিভিন্ন খাতের জন্য এ অর্থ দেবে জেদ্দাভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইডিবির রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সোলাইমানের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

সালেহউদ্দিন আহমেদ বলেন, নাসিস সোলাইমান তাঁকে জানিয়েছেন সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটসহ ভৌত অবকাঠামো নির্মাণে এ ঋণ দেওয়া হবে। প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আশ্রয়কেন্দ্র নির্মাণেও ঋণের অর্থ ব্যয় করা যাবে। এ ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতেও ঋণ দেবে ইসলামি উন্নয়ন ব্যাংক।

এর আগে গত এপ্রিলে ২৮ কোটি ৯০ লাখ ডলারের ঋণ দিতে বাংলাদেশের সঙ্গে ৫ বছর মেয়াদি চুক্তি করেছিল আইএসডিবি। দেশের পল্লি ও শহরতলি এলাকায় বসবাসরত নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত, টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করতে চলমান একটি প্রকল্পের জন্য এই অর্থ দেয়া হচ্ছে।

আইএসডিবির অর্থায়নে ১৯৯৭ সালে ঢাকার আগারগাঁওয়ে একটি ২০ তলা বাণিজ্যিক ভবন এবং একটি চারতলা শপিং কমপ্লেক্স নির্মিত হয়। এবার হবে আইডিবি ভবন-২। এটিও হবে আগারগাঁওয়ে। এর জন্যও সংস্থাটি ডলারে যে ঋণ দেবে, তা পৌনে ২০০ কোটি টাকার সমপরিমাণ। এই ঋণের বিপরীতে কোনো সুদ নেবে না সংস্থাটি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, মোট ৩৬১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ১৫ তলা টুইন টাওয়ার নির্মাণ করা হবে।

সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের আরও জানান, আইএসডিবি একটি বহুজাতিক সংস্থা এবং দেশের বিভিন্ন খাতে এ সংস্থা সহযোগিতা করছে। তিনি বলেন, ‘সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। আমরা সাহায্য চেয়েছি। তারা সাহায্য করবে বলে জানিয়েছে। টুইন টাওয়ারের মতো কিছু যে হচ্ছে, সেখানেও তাদের সহায়তা থাকছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD