দেশে নবায়নযোগ্য বিদ্যুতে চীনা বিনিয়োগ টানতে সঞ্চালন অবকাঠামো জোরালো করা দরকার বলে মত দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রতিষ্ঠানটি মনে করে, ‘অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সঞ্চালন অবকাঠামোর উন্নয়ন না হলে চীনা বিনিয়োগকারীরা এ দেশের নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী হবেন না।’
স্বল্পমেয়াদী ‘বিল্ড-অপারেট-ট্রান্সফার (বিওটি) মডেল গ্রহণ করে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে অবকাঠামোগত সংকট দূর করে চীনা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করা যেতে পারে বলেও মত দিয়েছে সিপিডি।
আজ বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিদেশি বিনিয়োগ বিশেষ করে চীনা বিনিয়োগের ওপর আলোচনা সভায় এসব কথা জানানো হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
এই খাতে বেশকিছু ঝুঁকি আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর মধ্যে আছে অর্থ, আমলাতান্ত্রিক জটিলতা ও তহবিল সংকট।’
তিনি বলেন, ‘অন্যান্য সংকটের মধ্যে আছে জমি অধিগ্রহণ, সামাজিক গ্রহণযোগতা, গ্রিডের স্বল্পতা ও ঋণের ঝুঁকি।’
তা মতে, ‘চীনা বিনিয়োগকারীদের একটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে আন্তর্জাতিক আইন না অনুসরণ না করে বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ উপায়ে দ্বন্দ্ব দূর করতে চায়।’
‘এ ছাড়াও, চলমান রিজার্ভ সংকট ও মুনাফা ডলারে নিজ দেশে নিয়ে যাওয়াসহ বিদেশি বিনিয়োগকারীদের পর্যাপ্ত সুবিধা না দেওয়াও সংকট তৈরি করেছে’ বলেও মনে করেন তিনি।
বাংলাদেশ এখনও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশের প্রাথমিক পর্যায়ে। চীনের সাফল্য থেকে বাংলাদেশ মূল্যবান শিক্ষা নিতে পারে। চীনা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বাংলাদেশকে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ খাতে চায়নার বিনিয়োগ বাড়াতে বৈদেশিক মুদ্রার ঝুঁকি রোধ করার পাশাপাশি সরকারকে তহবিল গঠন করার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সিপিডি মনে করে, অন্তবর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে জ্বালানি রূপান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রয়োজন।
চীনা বিনিয়োগ এক্ষেত্রে অর্থায়নের একটি বড় উৎস হতে পারে। কারণ নবায়নযোগ্য জ্বালানি খাতে চীন বিশ্বের শীর্ষস্থানীয়।
পাশাপাশি ভর্তুকির মাধ্যমে মুদ্রা অদলবদল, দেশীয় ব্যাংককে বিদেশি প্রতিষ্ঠানকে টাকায় ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে ডায়ালগে আরও উপস্থিত ছিলেন, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জ্বালানি খাতে চায়নার বিনিয়োগ আনতে বেশ কিছু পরামর্শ দেন।
তিনি বিনিয়োগ কারীদের কর প্রণোদনা, ভর্তুকি দেওয়ার পরামর্শ দেন। সরকারি আর্থিক সহায়তায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে এগিয়ে আসতে বলেন।
পাশাপাশি বৈদেশিকা মুদ্রার ঝুঁকি মোকাবিলায় সরকারকে তহবিল গঠন ও দক্ষ কর্মী তৈরিতে বিনিয়োগ করতে বলেন।
সিপিডি বলছে, অন্তর্বর্তীকালীন সরকার নতুন বিদ্যুতের জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি চীনা বিনিয়োগকারী এবং অর্থায়নকারীদের জন্য বেশ কয়েকটি সুযোগ দেবে। বেসরকারি খাতের জন্য বিপিডিবির নতুন চালু হওয়া ১০টি গ্রিড-সংযুক্ত সৌর বিদ্যুৎকেন্দ্র ভালো বিনিয়োগকারীদের ভালো পরীক্ষা হতে পারে।
এছাড়া আরও বলা হয়, সরকার ‘বিপরীত নিলাম’ পদ্ধতিতে নতুন বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করতে পারে। চীন বিনিয়োগভিত্তিক বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ৩৭টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্ল্যান্ট প্রকল্পগুলো ‘বিপরীত নিলামের’ জন্য তাদের প্রস্তাব জমা দিতে পারে।