শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন




নির্বাচনের ঘোষণা ও গুম তদন্তের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ২:৫৪ pm
ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে, তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সেই সঙ্গে আওয়ামী লীগ আমলে শত শত মানুষকে গুমের অভিযোগ তদন্তের যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখ্য মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বুধবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার; এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে প্যাটেল বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির যে ঘোষণা দিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের জনগণ প্রকৃতপক্ষে তাদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে।

“যে সময়সূচির কথা বলা হয়েছে, সেটা আমাদের পর্যবেক্ষণে থাকবে। এই পুরো প্রক্রিয়ায় আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বেই আমাদের অবস্থান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।”

বাংলাদেশে গুম তদন্ত কমিশনের প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। সে বিষয়ে বেদান্ত প্যাটেলের দৃষ্টি আকর্ষণ করে সেই সাংবাদিক বলেন, “কমিশনের প্রতিবেদনে গুমের ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার কথা এসেছে। গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের বিষয়ে আপনার মন্তব্য কী?”

জবাবে প্যাটেল বলেন, “গত দুই দশকে বাংলাদেশে শত শত মানুষের গুমের শিকার হওয়ার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুম হচ্ছে মানবাধিকারের চরম লংঘন। গুম এবং নির্বিচারে আটকে রাখার কারণে ভুক্তভোগী এবং তার পরিবারকে মানসিক যন্ত্রণা ও অনিশ্চয়তায় ভুগতে হয় ।

“বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তের যে উদ্যোগ নিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার নিশ্চিতে ন্যায্য এবং স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানাই আমরা।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD