সম্প্রতি একটি প্রতিযোগিতার বিচারকের আসনে দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সেখানে প্রতিযোগীদের প্রশ্ন করার সময় অপু বিশ্বাস ইংরেজি ভাষা ব্যবহার করেন। কিন্তু এ নায়িকার করা ইংরেজি প্রশ্নগুলো পরিপূর্ণ হয় না।
এই প্রতিযোগিতার একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে অনেকে নানা ধরনের কথা বলতে থাকেন। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, আমি একটি অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলাম। বিচারিক কাজ খুবই কষ্ট ও কঠিন।
অপু বলেন, আমি ওই অনুষ্ঠানে অতিথি বিচারক হয়ে হাজির হয়েছিলাম। প্রতিযোগীরা কিন্তু এরইমধ্যে ফাইনালে উঠে এসেছে। তারা খুবই মেধাবী। আমার কাছে যা মনে হয়েছিল, একটা পারফর্ম করুক অথবা কিছু একটা করুক। তো সে অনেক ভালো ইংরেজি বলছিল, যা খুবই ভালো লেগেছে। আমার কাছে যেটা মনে হয়েছিল, বেলা শেষে আমাদের তো বাংলা ভাষাতেই অভিনয় করতে হয়।
আমাদের একজন টিভি অভিনেত্রী আছেন, যিনি বাংলা পারতেন না। যিনি পরিচিত মুখ। অথচ সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলা রপ্ত করে ফেলেছে। কারণ এটা ছাড়া উপায় নেই, আমি বাংলা চলচ্চিত্রের মানুষ। যা আমি গর্বের সঙ্গে বলি। এ অভিনেত্রী বলেন, তো সে বলছিল, তাদের একটা লং জার্নি ছিল। আমার তাকে বোঝানো উচিত ছিল, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমরা বাংলা প্রেজেন্ট করি।
আপনারা জানেন, স্পেন বা চীনে গেলে তাদের ভাষায় কথা বলতে হয়। তারা ইংরেজি বোঝেন না। যিনি প্রতিযোগী ছিলেন, তিনি অনেক স্মার্ট ছিলেন। সেই জায়গা থেকে মনে হয়েছে তার বাংলাটাও গ্রুমিংয়ের একটা অংশ ছিল। যদিও নিজের বক্তব্যে ভুল ইংরেজি বলার বিষয়টি এড়িয়ে যান অপু।