উচ্চ মূল্যস্ফীতির কারণ হিসাবে চাঁদাবাজিকে চিহ্নিত করলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষে কঠিন বলে স্বীকার করেছেন তিনি।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কথায় প্রকাশ পেয়েছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। রবিবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের আগে থেকেই মূল্যস্ফীতি ছিল ঊর্ধ্বমুখী। ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তরর্তীকালীন সরকার আসার পর তা আরও চড়ে।
সার্বিক মূল্যস্ফীতি এখন ২ অঙ্কের আশপাশে ঘোরাফেরা করছে। আর এই মূল্যস্ফীতিকেই দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় উদ্বেগ হিসাবে দেখছেন অর্থনীতিবিদরা।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন- বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরের এই প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, চড়া মূল্যস্ফীতি উত্তরাধিকার সূত্রেই পেয়েছেন তারা। তবে তারা চেষ্টা চালাচ্ছেন নিয়ন্ত্রণে আনার।
“মূল্যস্ফীতি আমরা একেবারে নিয়ন্ত্রণ করতে পারি নাই, তা না। কিছুটা করেছি। খাদ্যে মূল্যস্ফীতি একটু বেড়েছে। কিন্তু নন-ফুডে আবার কিছুটা কমেছে। সামগ্রিকভাবে বেড়েছে।”
সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে দাবি করে তিনি বলেন, “সাপ্লাই চেইন ইজ ব্রোকেন। আর অনেক মিডল ম্যান। মহাস্থানগড় থেকে একটি ট্রাক ঢাকায় আসবে। পাঁচ হাজার টাকা ভাড়া। কিন্তু শেষ পর্যন্ত চাঁদাবাজির কারণে ভাড়া পড়ে ১২ হাজার টাকা। চাঁদাবাজি তো কমে নাই।”
তাহলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না- সেই প্রশ্নে সালেহ উদ্দিন বলেন, অন্তর্র্বতীকালীন একটি সরকারের পক্ষে এটা করা কঠিন। নির্বাচিত সরকার এলে তাদের পক্ষে নিয়ন্ত্রণ তুলনামূলক সহজ।
সালেহ উদ্দিন বলেন, “আমরা অন্তর্র্বতীকালীন সরকার, জোর করে লোকজনকে ধরেৃ। এর আগে যেমন চাঁদাবাজি কম হতো। কারণ রাজনৈতিক সরকারের সুবিধা হলো, তার পলিটিক্যাল আর্মস ছিল। আমাদের তো সেরকম নাই। ইউ নো দ্য লিমিটিশেন।
“চাঁদাবাজিতে এখন তিনটি বড় দল জড়িত। এক, আগে যারা ছিল তারাও আছে; দুই, যারা এখন পলিটিক্যালি ইমার্জিংৃমাঠপর্যায়ে আছে, তারাও চাঁদাবাজি করছে; তিন, স্থানীয় জনগণ। এগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে।”
পুলিশ দিয়ে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না- সেই প্রশ্নে সালেহ উদ্দিন বলেন, “খুবই সত্য যে, পুলিশ আগের মতো সক্রিয় না। তাদেরকে নানা কাজে ব্যবহার করা যাচ্ছে না, যেমন বাজারে যাও, ধরে নিয়ে আসো।”
বাজার সিন্ডিকেট ভাঙতে অন্তর্র্বতী সরকার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, “ভাঙতে চেষ্টা করছি। আমাদেরকে এখন সরকারি কয়েকটি সংস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। যারা কিনা পর্যাপ্ত নয়।
“টিসিবি কার্ড দিয়ে বা ডেপুটি কমিশনার, ইউএনও দিয়ে তো মার্কেট কনট্রোল করা যাচ্ছে না। তারা একবার গেলো, পরে চলে এলো। মূল বিষয় হচ্ছে, জনগণকে সচেতন হতে হবে।”
তাহলে কি নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হবে না- এই প্রশ্নে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি। আমরা আশা করছি, জুনের মধ্যে মুল্যস্ফীতি ৮ এর নিচে নিয়ে আসতে পারব। একেবারে পাঁচ-ছয়-চারে চলে যাওয়া অসম্ভব।”
মূল্যস্ফীতি এখনও দুই অঙ্কের কোঠায়, বাজারে গেলে নাভিঃশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। এই অবস্থায় কম দামে বিভিন্ন পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আর সেখানে প্রতিদিনই ভিড় বাড়ছে।
উচ্চ মূল্যস্ফীতির মধ্যে অনেক পণ্যে নতুন করে ভ্যাট বসানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে অর্থ উপদেষ্টা বলেন, তারা এমন পণ্যে ভ্যাট বসাননি, যা মানুষের নিত্যকার ব্যবহার্য।
“ফর এক্সাম্পল, বাংলাদেশে প্রতি পাউন্ডের একটা বিস্কিটের দাম ২০০ টাকার উপরে হলেৃ ইউসুফ বেকারির বিস্কিট তো ২০০ টাকা দিয়ে কেনেন না, ৪০-৫০ টাকা দাম।”
ভ্যাটের হার ‘যৌক্তিকীকরণের’ অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “ভ্যাট বাড়ানোর বিষয়ে আমরা রেশনালাইজড হতে চাই। পৃথিবীর কোনও দেশে ভ্যাট দুই দশমিক চার, পাঁচ, সাত, সাত দশমিক পাঁচ এ রকমও না। বেশিরভাগ দেশে ন্যূনতম ভ্যাট ১৫ শতাংশ।
“আমরা ভাবছিলাম, পাঁচ যেগুলো আছে দশ করি, সাড়ে দশ করি। অলরেডি কয়েকটা পণ্যে আছে। এজন্য আমরা কিছুটা রেশনালাইজড করতে চেয়েছি। আর আমি চেষ্টা করবো, বাজেটে ভ্যাটের ওপর নির্ভরতা কমাতে।”
তবে বাজেটে প্রত্যক্ষ করের ওপর জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান সাবেক গভর্নর সালেহ উদ্দিন।
“আমরা অবশ্যই ট্যাক্স নেটটা (করজাল) বাড়াব। প্রথমত, ট্যাক্স লিকেজ হয়, যারা ট্যাক্স দেওয়ার কথা, যত টাকার দেওয়ার কথা, তা দেয় না। কারণ, তারা টেবিলের নিচে সেটেল করে। এটা আমাদের কর সংগ্রহে বড় একটি দুর্বলতা।”
কর প্রশাসনে সংস্কার আনার কথা তুলে ধরে তিনি বলেন, “অলরেডি কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে, করনীতি ও কর প্রশাসন আমি আলাদ করে দিচ্ছি। এনবিআর কেবল কর সংগ্রহ করবে। অ্যান্ড পলিসি ইজ ইউল বি ডান বাই ডিফারেন্ট বডি, ইন্ডিপেন্ডেন্ট।
“২০০৮ সালে একটা সিদ্ধান্ত হয়েছিল, করনীতি ও কর প্রশাসন আলাদা হবে। কিন্তু এটা হয়নি। কারণ, এনবিআর অফিশিয়ালস এটিকে এলাউ করেনি। নিজেরা যদি পলিসি করি, ওটা আমার মন মতো করে করব। সেটা তো হয় না। পলিসি যারা করবে, তারা সিদ্ধান্ত নেবে।”
সরকারের পরিচালন ব্যয় কমানোর কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা তো অলরেডি শুরু করেছি। নতুন গাড়ি কেনা, নতুল বিল্ডিং করা, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করা, এখন তো টোটালি বন্ধ।
“দ্বিতীয়ত আমরা যেটা করতে চাচ্ছি, বড় বড় মেগা প্রকল্পের দিকে আমরা যাব না। যেসব মেগা প্রকল্প পাইপলাইনে আছে আমরা সেগুলো তো করছি। যেমন মাতারবাড়ি করছি, মোংলারটা করছি।”
সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আপাতত হচ্ছে না বলে সলেহ উদ্দিনের কথায় প্রকাশ পেয়েছে।
“পে কমিশন করে পে বাড়াব, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে।”
তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না- এই প্রশ্নে মাথা নেড়ে না সূচক বক্তব্য দিয়ে তিনি বলেন, “কেবল স্কুল-কলেজের শিক্ষকদের ওভারটাইম, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয়। আমরা কোনও পে স্কেল পরিবর্তন করব না।”
আগামী বাজেট নিয়ে মার্চ বা এপ্রিল থেকে আলোচনা শুরু করবেন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “প্রথমে আমি চেম্বার বডি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করব। তারপর কিছু মানুষের সাথেও কথা বলব।
“চেম্বার বডি ক্ষুদ্র পর্যায়ের মানুষের স্বার্থ রিপ্রেজেন্ট করে না। ডিফারেন্ট টাইপের বিজনেস বডির সাথে কথা বলতে চাই। মানে সব ধরনের মানুষের সাথে কথা বলতে চাচ্ছি। স্পেশালি বিজনেস পিপল।”
সংসদ না থাকায় বাজেট কীভাবে পাস হবে- সেই প্রশ্নে সালেহ উদ্দিন বলেন, “এর আগেও কেয়ারটেকার সরকারের সময়ে বাজেট হয়েছে। গণমাধ্যমের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
“উপদেষ্টা পরিষদে কথা বলব, তারা যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বৃহৎ আকারে কথা বলবে, তখন আমরা শেয়ার করতে পারি, এটি সবচেয়ে ব্যয়বহুল। আল্টিমেটলি ইট ইউল বি অ্যাডমিনিস্ট্রেটেড বাজেট। আমরা ঘোষণা দেব, তারপর বাস্তবায়ন করব যতদিন আছি।”