শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন




ব্যাংক খাতে আশার আলো দেখা যাচ্ছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:০০ pm
bank ব্যাংক Bangladesh Bank Explore banking services credit cards loans financial business Guarantee Finance Investment Commerce INTER BANK ‎বাংলাদেশ ব্যাংক ‎বাণিজ্যিক ব্যাংক মোবাইল ব্যাংকিং ‎এজেন্ট ব্যাংকিং bank
file pic

রাজনৈতিক পালাবদলের পর দেশে নানামুখী সংকটের মাঝেও ব্যাংক খাত আশার আলো দেখাচ্ছে। আমানতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, খেলাপি ঋণ হ্রাস পাচ্ছে, এবং আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হচ্ছে।

বিগত সরকারের শাসনামলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক টাকার জোগান দিলেও সংকট কাটিয়ে উঠতে পারেনি এসব প্রতিষ্ঠান। আমানতকারীদের অর্থ ঝুঁকির মধ্যে পড়ে, ব্যাংকঋণের সুদের হার ও ডলারের মূল্য নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট শ্রেণির ব্যবসায়ীরা সুবিধা পেয়েছিল, ফলে ব্যাংকিং খাত অস্থিতিশীল হয়ে ওঠে।

পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নেয়। সুদের হার সমন্বয়, রিজার্ভের সুরক্ষা এবং আমদানি বাণিজ্যে গতিশীলতা আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন রোধ হয়েছে, স্থিতিশীল হয়েছে বৈদেশিক মুদ্রার বাজার এবং আমানতের পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সংস্কার উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে ব্যাংকিং খাত পুরোপুরি স্থিতিশীল হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে ৮ আগস্ট। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়। খেলাপি ঋণের প্রকৃত অবস্থা নির্ণয় এবং বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, “বিগত সরকারের সময় কয়েক লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, যা অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে উঠতে পারত। তবে বর্তমান সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের ফলে সেই আশঙ্কা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভের পতনও থামানো গেছে। প্রায় ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ছিল, তবে তা রোধ করা সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, ভবিষ্যতে কিছু ব্যাংকের একীভূতকরণের প্রয়োজন হতে পারে, তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত মান নির্ধারণ, ফরেনসিক নিরীক্ষা পরিচালনা এবং আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এই টাস্কফোর্স।

এসব উদ্যোগের ফলে কিছু ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যে ১২টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়, তার মধ্যে ইউসিবি অন্যতম। বাংলাদেশ ব্যাংকের কোনো প্রণোদনা সহায়তা গ্রহণ না করেই ব্যাংকটি শক্তিশালী অবস্থানে ফিরেছে।

ইউসিবি সূত্রে জানা গেছে, মাত্র দেড় মাসে ইউসিবির সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট ও ডিজিটাল প্ল্যাটফর্মে এক লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা গ্রাহকদের আস্থারই প্রতিফলন। ইউসিবিতে ব্যক্তিশ্রেণি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের হিসাব খোলার পরিমাণ বেড়েছে। এই শ্রেণির মধ্যে ব্যাংকের প্রতি আস্থা বাড়ছে।

এ ব্যাপারে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “বাংলাদেশ ব্যাংকের ভালো উদ্যোগের ফলে মানুষ আবার ব্যাংকের ওপর ভরসা করতে শুরু করেছে। আমানত ও ঋণের পরিমাণ বাড়ছে, যা ইতিবাচক। সংস্কার ও সুশাসনের এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই ব্যাংকিং খাত আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে।”

শুধু ইউসিবি নয়, আরও কিছু ব্যাংকে আমানতের পরিমাণ বাড়ছে। হলমার্ক কেলেঙ্কারিতে বিধ্বস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। আমানতকারীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। জানা গেছে, হলমার্কের ঘটনার পর সোনালী ব্যাংক বড় কোনো অর্থায়ন করেনি। ক্ষুদ্র ও মাঝারি এবং রপ্তানি পণ্য উৎপাদন করে এমন ব্যবসায় বেশি ঋণ দিয়েছে। এই কৌশলেই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে পুরোনো কিছু খেলাপি গ্রাহক, হলমার্ক কেলেঙ্কারির দায় এখনও বয়ে বেড়াতে হচ্ছে ব্যাংকটিকে।

বিশিষ্ট ব্যাংকার ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, “বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব হলো মুদ্রার মান নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও মুদ্রার সরবরাহ নিশ্চিত করা। বর্তমান গভর্নর তার নীতি-ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন। মানি মার্কেট নিয়ন্ত্রণের জন্য তিনি বিভিন্ন টুলস ব্যবহার করছেন এবং স্বচ্ছতার স্বার্থে কোনো তথ্য গোপন করেননি।”

সব মিলিয়ে, ব্যাংক খাতে ইতিবাচক পরিবর্তনের ফলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে এবং আগামীর বাংলাদেশ আরও শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।
এক হিসাবে দেখা গেছে, গত ছয় মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যাংকিং চ্যানেলে ফিরে এসেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি বলেছেন, “সংস্কার উদ্যোগের ফলে ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে। যে ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল, সেগুলোও এখন ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD