শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন




রেপোতে টাকা ধার করার মেয়াদ কমালো বাংলাদেশ ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৯:৪৫ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

তারল্য সংকটে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮ দিনের জন্য টাকা ধার বা রেপো নেয়ার সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ রেপোতে টাকা ধার করার মেয়াদ সীমিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী এপ্রিল মাসের ১০ তারিখের পর থেকে ২৮ দিন মেয়াদি রেপো নিলাম থাকছে না। বর্তমানে ৩ মেয়াদে রেপো নিলাম হচ্ছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনায় বলেছে, এখন শুধু ৭ ও ১৪ দিন মেয়াদি নিলাম অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিলের পর থেকে এ নিলাম হবে সপ্তাহে একদিন মঙ্গলবার।

সার্কুলারে বলা হয়েছে, আন্তঃব্যাংক মুদ্রাবাজারের কার্যক্রম আরো গতিশীল করা এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে আগে জারি করা সার্কুলারের কিছুটা সংশোধন করা হলো। সংশোধন অনুযায়ী, বর্তমানে প্রচলিত ৭ দিন, ১৪ দিন এবং ২৮ দিন মেয়াদি রেপো নিলামের পরিবর্তে আগামী ১০ এপ্রিলের পর থেকে সপ্তাহে এক দিন মঙ্গলবার ৭ দিন ও ১৪ দিন মেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মঙ্গলবার ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে এই নিলাম অনুষ্ঠিত হবে।

বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে আনা উচিত। তাই এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। তিনি বলেন, ২৮ দিনের রেপো বন্ধ করায় বাণিজ্যিক ব্যাংকগুলো আগের চাইতে তারল্য সহায়তা কম পাবে। তবে ৭ ও ১৪ দিনের রেপো চালু থাকায় সমস্যা হওয়ার কথা না। ব্যাংকের তারল্যের ব্যবস্থাপনা নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীলতা যত কমিয়ে আনা সম্ভব ততই ভালো হবে।

বাণিজ্যিক ব্যাংক তারল্য সংকটে পড়লে স্বল্প মেয়াদে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নেয়, যা রেপো হিসেবে পরিচিত। এটির সুদহার ঠিক হয় রেপো বা রিপারচেজ অ্যাগ্রিমেন্টের মাধ্যমে।

অপরদিকে রিভার্স রেপোর মাধ্যমে (জুলাই থেকে যেটির নাম দেয়া হয়েছে এসডিএফ) ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে কিংবা কেন্দ্রীয় ব্যাংক চাইলে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নিতে পারে। এ দুই পদ্ধতিতে সরকারি সিকিউরিটিজ কেনাবেচার মাধ্যমে বাজারে টাকার সরবরাহে ভারসাম্য ধরে রাখে বাংলাদেশ ব্যাংক।

এতদিন ৭, ১৪ ও ২৮ দিনের রেপোর নিলাম চালু ছিল। ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক রেপোর নিলাম সপ্তাহে দুইদিনের বদলে শুধু মঙ্গলবার করে। আগে সোমবারেও টাকা ধার নিতে পারত ব্যাংকগুলো।

২৮ দিনের রেপো বন্ধের ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ব্যাংকগুলোর তারল্য দরকার পড়লে কলমানি থেকে ধার করবে। তাতে কলমানি বাজারটা শক্তিশালী হবে। কিন্তু আমাদের দেশের ব্যাংকগুলো সেই চর্চা করছে না। তিনি বলেন, আমাদের দেশের ব্যাংকগুলো উল্টো চর্চা করছে। আন্তঃব্যাংক থেকে ধার করার চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ধার করছে বেশি। ব্যাংক যখন কলমানি কিংবা অন্য জায়গা থেকে টাকা ধার করতে পারবে না, অর্থাৎ একদম না পেরে বাংলাদেশ ব্যাংকের কাছে আসবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মকর্তা মনে করেন, বাংলাদেশ ব্যাংক মানি মার্কেট পর্যালোচনায় দেখেছে, ব্যাংকগুলো ১৪ ও ২৮ দিনের রেপোর মাধ্যমে টাকা ধার করে সেটা আবার ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ করছে। এসব বন্ধ করা উচিত। কারণ বাণিজ্যিক ব্যাংক এভাবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যবসা করতে পারে না। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD