বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন




যুক্তরাজ্যে নতুন ইমিগ্রেশন নীতি, ৮ এপ্রিল থেকে কার্যকর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:২৭ pm
England London United Kingdom Great Britain ইউনাইটেড কিংডম ইউকে যুক্তরাজ্য ইংল্যান্ড গ্রেইট ব্রিটেন গ্রেট বৃটেন লন্ডন
file pic

বিশ্বব্যাপী অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন করে ব্যয়ের চাপ তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির সরকার সব ধরনের ভিসা ও নাগরিকত্ব আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কাঠামো অনুযায়ী অধিকাংশ ফি ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ইউকে হোম অফিস-এর ঘোষণায় বলা হয়েছে, স্বল্পমেয়াদি ভিজিট ভিসা থেকে শুরু করে দীর্ঘমেয়াদি বসবাস, শিক্ষা ও কর্মসংস্থানের প্রায় সব ক্ষেত্রেই খরচ বাড়ছে। নতুন হার অনুযায়ী, ৬ মাস মেয়াদি স্ট্যান্ডার্ড ভিজিট ভিসার ফি ১৩৫ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২ বছর মেয়াদি ভিসা ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসা ১,১২৮ পাউন্ড করা হয়েছে।

শিক্ষার্থীদের ক্ষেত্রেও বাড়ছে ব্যয়। স্টুডেন্ট ভিসার আবেদন ফি ৫৫৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ৩৪ পাউন্ড বেশি। একই সঙ্গে একাডেমিক কাজের জন্য ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসা ২৩৪ পাউন্ডে উন্নীত করা হয়েছে। বেসরকারি চিকিৎসা ভিসার ক্ষেত্রেও একই হারে বৃদ্ধি এসেছে।

দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রেও নতুন ফি কাঠামো প্রযোজ্য হবে। বিদেশ থেকে কর্মী আনতে স্পন্সরশিপ ভিসার ফি ৩ বছর পর্যন্ত কাজের জন্য ৫০ পাউন্ড এবং এর বেশি মেয়াদের জন্য ৯৯ পাউন্ড পর্যন্ত বাড়ানো হয়েছে। স্বাস্থ্যখাতের কর্মীদের জন্য এ বৃদ্ধি কিছুটা কম রাখা হলেও সামগ্রিকভাবে ব্যয় বেড়েছে। সিজনাল ওয়ার্কারদের ক্ষেত্রেও আবেদন ফি বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের ভেতরে থাকা দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনেও ফি বৃদ্ধি করা হয়েছে। ৩ বছর পর্যন্ত কাজের জন্য ৫৮ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ১১৪ পাউন্ড পর্যন্ত বাড়ানো হয়েছে। ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনেও অতিরিক্ত ৭২ পাউন্ড গুনতে হবে।

ভ্রমণ সংক্রান্ত অন্যান্য খাতেও প্রভাব পড়ছে। ট্রানজিট ভিসায় বিমানবন্দরের ক্ষেত্রে আড়াই পাউন্ড এবং স্থল সীমান্তে সাড়ে ৪ পাউন্ড পর্যন্ত ফি বৃদ্ধি করা হয়েছে। ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ETA) ফিও বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে উন্নয়নশীল দেশগুলোর আবেদনকারীরা সবচেয়ে বেশি চাপে পড়বেন। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের কর্মপ্রত্যাশীদের জন্য যুক্তরাজ্যে যাওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে।

তবে শিশুদের ব্রিটিশ নাগরিক হিসেবে নিবন্ধনের আবেদন ফি কমানো হয়েছে, যা কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, সার্বিকভাবে এই সিদ্ধান্ত অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠিন ও ব্যয়বহুল করে তুলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD