শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন




যুদ্ধবিরতির জন্য ইরানি প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর ‘মিথ্যা’: রিপোর্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১১:২৫ am
Bangladesh–pakistan বাংলাদেশ-পাকিস্তান Bangladesh pakistan বাংলাদেশ পাকিস্তান
file pic

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের প্রতিনিধি দলের পাকিস্তানে পৌঁছানোর খবর মিথ্যা বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম। একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর দিয়েছে।

প্রতিবেদন অনুসারে, নির্ভরযোগ্য এক সূত্র বলেছে, ‘আমেরিকানদের সাথে আলোচনা করতে ইরানের আলোচক দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে- কিছু গণমাধ্যমের এই খবর সম্পূর্ণ মিথ্যা।’

একই সাথে সূত্রটি জোর দিয়ে বলেছে, ‘যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করবে এবং ইহুদিবাদী সরকার (ইসরাইল) হামলা অব্যাহত রাখবে, ততক্ষণ আলোচনা স্থগিত থাকবে।’

পাকিস্তানের মধ্যস্থতায় সম্প্রতি দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরপরই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ।

এর মধ্যেই, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৈঠকে সম্ভাব্য অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। জানা যায়, ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিতব্য সম্ভাব্য বৈঠকের বিস্তারিত এজেন্ডাগুলো চূড়ান্ত করা হচ্ছে। এছাড়া অংশগ্রহণকারীদের নামের তালিকায়ও পরিবর্তিন হতে পারে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস-ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক প্রতিনিধিত্ব করতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া প্রতিনিধি দলে থাকতে পারেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, মার্কিন প্রতিনিধি দলে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারও উপস্থিত থাকতে পারেন।

আল জাজিরা বলছে, বৈঠকে ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এছাড়া প্রতিনিধিদলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি উপস্থিত থাকবেন।

তবে তাসনিম নিউজের প্রতিবেদনের পর এ বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ইরান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এ নিয়ে কিছু জানায়নি।

সূত্র: তাসনিম নিউজ, আল জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD