ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর মিডল ইস্ট আইয়ের
তিনি বলেন, ‘প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ কোনো জাতিকে জোর করে আত্মসমর্পণ করানো সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ শুরু করে না। আমরা যুদ্ধকে স্বাগত জানাই না। তবে কোনো আগ্রাসীর বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে দৃঢ়ভাবে দাঁড়াব।’
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ‘কূটনৈতিক প্রচেষ্টা, ইরানের জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের আত্মত্যাগ ইরানকে শক্তি জোগাচ্ছে। তাই কোনো হুমকির কাছেই ইরান মাথা নত করবে না।’
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করতে পারবে না বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নজরদারি রয়েছে। অনুমতি ছাড়া জাহাজ চলাচলের বিষয়ে যেসব দাবি করা হচ্ছে, তা ইরান নিশ্চিত করছে না।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা নিয়ে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রকে কী পদক্ষেপ নিতে হবে, তা কাতার ও পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে।
তার ভাষায়, সমঝোতা স্মারকে থাকা সব প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রই লঙ্ঘন করেছে, তাই এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্বও যুক্তরাষ্ট্রের।
হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে তিনি বলেন, ওমান সরকারের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরানের শর্তগুলো পূরণ হলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।