জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন বাহাদুর শাহ পার্ক ও আশেপাশের এলাকায় দিনভর পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
রোববার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচির আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
অভিযানকালে নেতাকর্মীরা বাহাদুর শাহ পার্ক ও এর আশপাশের সড়ক, ড্রেন এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে মশার বংশবৃদ্ধি রোধে মশকবিরোধী ওষুধ ছিটানো হয় এবং পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচি থেকে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বাহাদুর শাহ পার্ক ও জবি সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা ও নিজস্ব আঙিনা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। ছাত্রদল সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সব সময় মাঠে থাকবে।
এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজে সক্রিয়ভাবে অংশ নেন।
(যুগান্তর)