শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন




বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ am
Fuel oil Steam locomotive fuel ফার্নেস অয়েল Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil pump তেল ফিলিং স্টেশন
file pic

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকলেও আগের দিনের দরপতনের প্রভাব এখনো কাটেনি। বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় দাম বাড়ার গতি থমকে গেছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯ সেন্ট বা ০.১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৭ সেন্টে নেমেছে।

 

এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ কমেছিল। আর ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৩.২ শতাংশ। এতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মার্কিন অপরিশোধিত তেলের দাম।

 

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামে চাপ পড়ছে।

 

এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সুদের হার বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। এতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতিও মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডলারের দাম শক্তিশালী হলে অন্য মুদ্রায় তেল কেনা দেশগুলোর জন্য খরচ বেড়ে যায়।

 

বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অক্টোবর মাসের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা জোরালো হয়েছে।

 

ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষকরা ১৮ নভেম্বরের এক নোটে বলেন, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্নদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন শুধু ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াবে কি না, তা নয়; বরং কতটা বাড়াবে, সেটিও গুরুত্বপূর্ণ। সুদের হার বাড়ার আশঙ্কায় ডলার শক্তিশালী হচ্ছে, যা তেলের দাম বৃদ্ধির পথে বাধা তৈরি করছে।

 

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় বাজারে দরপতনের চাপ আরও বেড়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

 

অথচ রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা মজুত মাত্র ৫৮ হাজার ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

 

তথ্যসূত্র: রয়টার্স




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD