সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। বুধবার (১৮ নভেম্বর) রাজধানী বাগদাদের কারখ (কারখ) ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ফরাসি দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে ছয়জনের সাজা ঘোষণার মধ্য দিয়ে এ মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। তাদের সবাই ফ্রান্সের নাগরিক।
দণ্ডিত ১৬ জনের মধ্যে ১৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি একজনকে গত মাসে ১৫ বছরের কারাদণ্ড দেন আদালত।
গত বছরের শেষ দিকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা ৪৭ ফরাসি নাগরিকের বিরুদ্ধে গত সেপ্টেম্বর থেকে বিচার শুরু হয়। তাদের বিরুদ্ধে আইএসে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করেছিল আইএস। এ সময় গোষ্ঠীটি ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং নারী ও কিশোরীদের যৌনদাসত্বে বাধ্য করে।
এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ৬০টিরও বেশি দেশের ৫ হাজার ৭০০-এর বেশি আইএস সদস্যকে ইরাকে স্থানান্তর করে। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর পরিচালিত কারাগারে বছরের পর বছর আটক থাকার পর তাদের ইরাকে নেওয়া হয়।
দীর্ঘদিন ধরেই ইরাকের আদালত সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে শত শত ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আসছেন। দণ্ডিতদের মধ্যে বিদেশি যোদ্ধারাও রয়েছেন। তবে এসব বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ তুলেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।
বুধবার সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪৫ বছর বয়সি ফরাসি নাগরিক থমাস বারনুইন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিচার চলাকালে তিনি দাবি করেন, ধর্মীয় দায়িত্ব মনে করেই সিরিয়ায় গিয়েছিলেন। আইএস যে ফ্রান্সে হামলা চালাবে, সে বিষয়ে তিনি জানতেন না বলেও দাবি করেন।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকে দ্রুত নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আইএস। ওই সময় গোষ্ঠীটি ব্যাপক হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি নারী ও শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন করে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সহায়তায় ২০১৭ সালে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক। এরপর ২০১৯ সালে ওয়াশিংটনের সমর্থনপুষ্ট কুর্দি নেতৃত্বাধীন বাহিনী প্রতিবেশী সিরিয়ায় গোষ্ঠীটিকে পরাজিত করে।
তবে আইএসের রেখে যাওয়া ভয়াবহতার হিসাব এখনো শেষ হয়নি ইরাকে। দেশটির বিভিন্ন স্থানে গণকবরের সন্ধান মিলছে। পাশাপাশি গোষ্ঠীটির নৃশংসতার শিকার ব্যক্তিদের সাক্ষ্য ও অভিযোগের তদন্তও এখনো চলছে।
তথ্যসূত্র: আল জাজিরা