সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। রোববার গভীর রাতে মরিয়ামের বাবা মাছুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও মরিয়ামের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলায় গাজী নজরুল ও মাকছুদাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে মরিয়ামের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে তারা ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে যায়। রাত ১০টার দিকে একটি কক্ষের দরজা ভেঙে মরিয়ামের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়ামের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম বাসায় ছিলেন। কী ঘটেছিল, তা নিশ্চিত হতে তাকে ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘটনার পর পুলিশ গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে হেফাজতে নেয়। পরে মরিয়ামের বাবার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মরিয়ামের মামা ওবায়দুর রহমান মামলার তৃতীয় আসামি।
মরিয়ামের মৃত্যুর আগে গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রীকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা হয়। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে গাজী নজরুল ইসলাম ফেসবুক পোস্টে মরিয়ামকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের সম্মতিতে মরিয়ামকে বিয়ে করেন।
ওই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়ামের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্ল্যাকমেলের অভিযোগ করেছিলেন। অন্যদিকে ওবায়দুর রহমান গত ২১ জুলাই পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন।
ভিডিওকাণ্ডের পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার ওই হত্যাচেষ্টা মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের জামিননামা ঢাকার আদালতে দাখিল করেছিলেন গাজী নজরুল ইসলাম। এর কয়েক ঘণ্টা পর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ামের লাশ উদ্ধার করা হয়।