বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন




এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০ am
Bangladesh Power Development Board BPDB Bangladesh-Power-Development-Board BPDB বিপিডিবি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
file pic

মাগুরায় এক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কম্পিউটার সিস্টেমে টাইপিং ভুলের কারণে এমন অস্বাভাবিক বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি।

এ ঘটনায় ডিজিএম, বিলিং সুপারভাইজারসহ চার কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের গ্রাহক মোছা. আলোয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল তৈরি করা হয়। বিলে তার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট দেখানো হলেও পরিশোধযোগ্য অর্থ উল্লেখ করা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।

অস্বাভাবিক অঙ্কের বিল হাতে পেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে অভিযোগ করেন আলোয়া খাতুন। তিনি বিলটি নিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে গেলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা তা যাচাই করেন। পরে বিলটি সংশোধন করা হয়।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম বলেন, “কয়েকদিন আগে ওই গ্রাহকের মিটার পরিবর্তন করা হয়। বিল প্রস্তুতের সময় ডিমান্ড চার্জের ঘরে নতুন মিটারের সিল নম্বর বসে যাওয়ায় অস্বাভাবিক বিল প্রিন্ট হয়েছে। মূলত টাইপিং মিস্টেকের কারণে এমনটি হয়েছে। তবে দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন না করায় ইতোমধ্যে এ ঘটনায় চারজনকে শোকজ করা হয়েছে।”

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সংশোধনের পর আলোয়া খাতুনের প্রকৃত বিল দাঁড়ায় ১ হাজার ৯৩৮ টাকা। তিনি সংশোধিত বিল অনুযায়ী ওই টাকা পরিশোধ করেছেন।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD