শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন




সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারবেন চাঁদাদাতা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ৯:৪৬ pm
pension scheme Universal Pension pension সর্বজনীন পেনশন পেনশন স্কিম বিধিমালা
file pic

সর্বজনীন পেনশন স্কিমে জমা হওয়া অর্থের একটি অংশ চাঁদাদাতা ঋণ হিসেবে নিতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান। অর্থাৎ প্রয়োজনের সময় ব্যাংকের স্কিমের থেকে যেভাবে ঋণ নেওয়া যায়, তেমনই এ স্কিম থেকেও ঋণ নেওয়ার সুযোগ আছে।

মঙ্গলবার ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘যেকোনো জরুরি প্রয়োজনের সময় চাঁদাদাতা চাইলে পেনশন তহবিলে জমা অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে নিতে পারবেন। এ ঋণ সর্বোচ্চ ২৪ কিস্তিতে পরিশোধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত প্রগতি স্কিমে বেশি সাড়া পাওয়া গেছে।’ প্রাথমিকভাবে জনগণের দেওয়া অর্থ ট্রেজারি বন্ড, ট্রেজারি বিলে বিনিয়োগ করা হবে বলে জানান তিনি।

‘পেনশন স্কিমে একাধিকবার ঋণ নেওয়ার সুযোগ থাকছে, তবে প্রথমবার নেওয়া ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার ঋণ নেওয়া যাবে না,’ যোগ করেন তিনি।

মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘বেসরকারি খাতের শ্রমিক, কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে স্কিমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

জানা গেছে, নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা, গৃহ নির্মাণ, গৃহ মেরামত বা সন্তানের বিবাহের ব্যয় নির্বাহের জন্য চাঁদাদাতা ইচ্ছা করলে পেনশন তহবিলে জমাকৃত অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রেও ঋণের মাশুল দিতে হবে, যা ধার্য করবে কর্তৃপক্ষ। এ ঋণ সর্বোচ্চ ২৪ কিস্তিতে পরিশোধ করতে হবে এবং পুরো অর্থ চাঁদাদাতার হিসাবে জমা হবে।

পেনশন স্কিমে একাধিকবার ঋণ নেওয়ার সুযোগ থাকছে। তবে প্রথমবার গৃহীত ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার ঋণ নেওয়া যাবে না। এ ক্ষেত্রে ঠিক কতবার ঋণ নেওয়া যাবে, বিধিমালায় তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

এ ছাড়া চাঁদাদাতারা চাইলে স্কিম পরিবর্তন করতে পারবেন, বিধিমালায় সেই সুযোগ রাখা হয়েছে। বলা হয়েছে, চাঁদাদাতা যৌক্তিক কারণ উল্লেখ করে স্কিম পরিবর্তনের আবেদন করতে পারবেন। তিনি বর্তমানে যে স্কিমে আছেন, তার পরিবর্তে অন্য স্কিম বা স্কিমের চাঁদা প্রদানের হার পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ মাসে এক হাজার টাকা চাঁদা দিয়ে শুরু করলেও পরবর্তীকালে কেউ চাইলে দুই হাজার বা পাঁচ হাজার টাকা চাঁদা দিতে পারবেন।

বিধিমালায় আরও বলা হয়েছে, স্কিম পরিবর্তনের ক্ষেত্রে রূপান্তরিত স্কিমে নতুন চাঁদার হিসাব পৃথক রেখে লভ্যাংশ ও পুঞ্জীভূত জমার অর্থের হিসাব করতে হবে, যা আগের স্কিমের পুঞ্জীভূত জমার সঙ্গে যুক্ত হবে।
এ ছাড়া স্বাভাবিকভাবে স্কিম রূপান্তরের কারণে মেয়াদ পূর্তিতে মাসিক পেনশনের পরিমাণ পুনর্নির্ধারিত হবে।

বিধিমালায় বলা হয়েছে, চাঁদাদাতার অনুকূলে কর্তৃপক্ষ যে স্কিম ইস্যু করবে, তার সম্পূর্ণ স্বত্ব চাঁদাদাতার।

তিনি সেই স্কিমের স্বত্ব অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সত্তার কাছে হস্তান্তর করতে পারবেন না। তবে আরও বলা হয়েছে, স্কিম বা পেনশন চলাকালে যেকোনো সময় চাঁদাদাতার মৃত্যু হলে স্কিমের অর্থ চাঁদাদাতা কর্তৃক মনোনীত নমিনি বা নমিনির অবর্তমানে চাঁদাদাতার উপযুক্ত উত্তরাধিকারী বরাবর হস্তান্তরে বাধা নেই।

বিশ্লেষকেরা বলেন, ব্যাংক আমানতের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমের কিছু মিল থাকলেও তাদের মধ্যকার মূল পার্থক্য হলো, ব্যাংক আমানত মানুষের সম্পদ; পেনশন স্কিম একধরনের নিরাপত্তা। অর্থাৎ মানুষের যখন স্বাভাবিক আয় থাকবে না বা আয় করার মতো বয়স থাকবে না, তখন তাঁকে নিরাপত্তা দেবে পেনশন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD