এবার মুদ্রানীতি প্রকাশের দীর্ঘদিনের সংস্কৃতি উপেক্ষা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতদিন সংবাদ সম্মেলন করে বছরে দুইবার মুদ্রানীতি প্রকাশ করতো বাংলাদেশ ব্যাংক। তবে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মূদ্রানীতি প্রকাশ করা হবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট ও ফেসবুকে।
বুধবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম এমন তথ্য জানান।
সাইফুল ইসলাম বলেন, আমরা মুদ্রানীতির অনুষ্ঠান আয়োজন করে পুনরায় অপমানিত হতে চাই না। তাই ১৮ তারিখ বিকেল তিনটায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত সংবাদ সম্মেলন করার কোন সিদ্ধান্তে যাচ্ছে না বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে মুদ্রানীতি সংক্রান্ত স্টেকহোল্ডারদের সাথে বৈঠকের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এক বৈঠক শেষে জানান, বাংলাদেশ ব্যাংক পূর্বের অবস্থানে থেকেই মুদ্রানীতি কাভার করার জন্য আমাদের আহ্বান জানিয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মোবাইল করে পাস নিয়ে যাওয়ার বিষয়টা সমর্থন করি না।
তিনি আরও বলেন, আগের মতো অবাধ প্রবেশাধিকার না দেওয়ায় আহ্বান প্রত্যাখ্যান করেছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম। সেই বৈঠকে ইআরএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা, কোষাধ্যক্ষ রহিম শেখ, সিনিয়র সদস্য ওবায়দুল্লাহ রনি, সানাউল্লাহ সাকিব।