ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে ব্যাংকিং খাতের রেগুলেটর বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যাংকিং খাতের সংস্কার ও কুখ্যাত এস আলম গ্রুপের খপ্পর থেকে ইসলামী ব্যাংককে উদ্ধার করা ও আমানতকারীদের আমানতের সুরক্ষার লক্ষ্যে আজ ব্যাংকটির পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিতকল্পে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।
ইসলামী ব্যাংকের নতুন পর্ষদের অন্য সদস্যরা হচ্ছেন- মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, মোঃ আব্দুর জলিল, ড. এম মাসুদ রহমান এবং মোঃ আব্দুস সালাম এফসিএ এফসিএমএ।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ সালে সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর ৩ বছর পর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে জয়েন করেন। তার আগে কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা ওবায়েদ উল্লাহ আল মাসুদ ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রী লাভ করেন। এর আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় তৃতীয় হন তিনি। ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জের ছোট রাজপাড়ায় তার জন্ম।
পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ খুরশিদ ওয়াহাব হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক; মোঃ আব্দুল জলিল আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক; ড. এম মাসুদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক এবং মোঃ আব্দুস সালাম এফসিএ এফসিএমএ হচ্ছেন একাধারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও কস্ট অ্যাকাউন্টেন্ট ।
উল্লেখ, ২০১৭ সালে রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থাকে ব্যাবহার করে ইসলামী ব্যাংকের দখল নেয় এস আলম গ্রুপ। এর পর থেকেই ব্যাংকটিতে এই অবাধ লুণ্ঠন চালিয়ে গেছে। ইতোমধ্যে নামে-বেনামে ঋণ দেখিয়ে এই থেকে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে আলোচিত গ্রুপটি। আর এই টাকার একটি বড় অংশই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে ভলে অভিযোগ আছে। গতকাল বুধবার পর্যন্ত এস আলম গ্রুপ মনোনীত ব্যক্তিরা ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য। আর এই গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম ছিলেন পর্ষদের চেয়ারম্যান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের লুটেরা হিসেবে পরিচিত এস আলম গ্রুপের খপ্পর থেকে ব্যাংকটিকে উদ্ধার করা ও আমানতকারীদের আমানতের সুরক্ষার লক্ষ্যে পর্ষদটি ভেঙ্গে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের পর্ষদটি ভেঙ্গে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, ব্যাংকিং খাতের সংস্কারের অংশ হিসেবেই ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের লুটেরা হিসেবে পরিচিত সাইফুল আলম মাসুদের এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ব্যাংক ৭০ হাজার কোটি টাকার বেশি সরিয়ে নিয়েছে। আর কোনো টাকা যাতে সরাতে না পারে সে লক্ষ্যে পর্ষদ ভেঙ্গে দেওয়া হয়।
ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে। পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।
ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না, ফলে ব্যাংকটি তারল্যসংকটে ভুগছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে চাহিদামতো তারল্য জমা রাখতে না পেরে ব্যাংকটি প্রতিদিন জরিমানা দিচ্ছে। আবার একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার নিজের বিশেষ ক্ষমতাবলে ‘টাকা ছাপিয়ে’ দেড় বছর ধরে ব্যাংকটিকে বাঁচিয়ে রেখেছিলেন; কিন্তু ব্যাংকটির খারাপ অবস্থার জন্য যাঁরা দায়ী, তাঁদের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে গত সপ্তাহে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছেন ব্যাংকটির শতাধিক কর্মকর্তা।
চিঠিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ও কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যাংকের তহবিল লুটপাটের যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাস্তব অবস্থা এর চেয়েও ভয়াবহ। দীর্ঘদিন লুটপাটের ধারা অব্যাহত থাকার কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ব্যাংকটির প্রতি গণমানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। এ জন্য তাঁরা দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।
এতে আরও বলা হয়েছে, ইসলামী ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধার, ব্যাংকের সব অংশীদারদের স্বার্থ রক্ষা, তাঁদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে হবে। এ ছাড়া সৎ ও দুর্নীতিমুক্ত, ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞ ব্যক্তিবর্গ অথবা প্রয়োজনে সাবেক পরিচালকদের থেকে কিছু ব্যক্তির সমন্বয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানানো হয় চিঠিতে।
বিদায়ী আওয়ামী সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ২০১৭ সালে ইসলামী ব্যাংককে ‘জামায়াতমুক্ত’ করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ দেওয়া হয় এস আলম গ্রুপকে। মালিকানা পরিবর্তনে সহায়তা করেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এরপর সাড়ে সাত বছরে নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থসংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের এক-তৃতীয়াংশ। এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি। এই টাকা বের করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তাঁর স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ কর্মকর্তা-কর্মচারীদের নামে।